বিদ্যালয়ের সিসি ক্যামেরাও খুলে নিয়ে গেছে চোরচক্র
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ০৮:০৭
| প্রিন্ট সংস্করণ
নরসিংদীর একটি বিদ্যালয় থেকে শিক্ষা উপকরণ ও মালপত্র চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, চোরচক্র বিদ্যালয়ের বারান্দার গ্রিল কেটে শিশুদের অনলাইনে পাঠদানের উপকরণ ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার, এলইডি মনিটর, চারটি সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সিসি ক্যামেরা, পিতলের ঘণ্টা চুরির পাশাপাশি বিদ্যালয়ের জরুরি কাগজপত্র তছনছ করে দিয়েছে। এ ছাড়া স্কুলের নিরাপত্তার জন্য লাগানো সিসি ক্যামেরা ও ক্যামেরার ডিভিআরও নিয়ে গেছে।
প্রধান শিক্ষক সাবিকুন্নাহার জানান, ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ১৮২ জন শিক্ষার্থী রয়েছে। সুনামের সঙ্গেই শিশু শিক্ষার্থীদের পাঠদান করে আসছে প্রতিষ্ঠানটি। এই বিদ্যালয়ে
পাঠদানের জন্য ল্যাপটপ, প্রজেক্টরসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহৃত হতো। সিলিং ফ্যান, টেবিল ফ্যান ছিল শ্রেণিকক্ষসহ প্রধান শিক্ষকের কক্ষে। গতকাল বুধবার নির্ধারিত সময়ে বিদ্যালয়ে গিয়ে দেখতে পান মঙ্গলবার রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে।
বিদ্যালয়টির অবস্থান ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হওয়ায় সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা ছিল, চোরচক্র সিসি ক্যামেরাও খুলে নিয়ে গেছে। এতে বিদ্যালয়টির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চুরির বিষয়ে মাধবদী থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেন, চুরির ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ একটি লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
- বিষয় :
- চোর
