ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

শেরপুর-৩ নির্বাচন

ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জামায়াত প্রার্থীর

ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জামায়াত প্রার্থীর
×

সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী। ছবি-সমকাল

শেরপুর ও নালিতাবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১৭:২৮

কারচুপি, জাল ভোট প্রদান, প্রভাব বিস্তার, হামলা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এমন নানা অনিয়মের অভিযোগ এনে শেরপুর -৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।  

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন জামায়াত প্রার্থী মাসুসুদুর রহমান মাসুদ। 

এসময় জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারি সেক্রেটারি গোলাম কিবরিয়া, শ্রীবরদী জামায়াতের আমীর আজহারুল ইসলাম মিষ্টাসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

লিখিত অভিযোগে জামায়াতের এ প্রার্থী শ্রীবরদী ও ঝিনাইগাতীর ১০-১৫টি কেন্দ্রে জালভোট, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং হামলার অভিযোগ আনেন। এছাড়া বেশ কয়েকটি কেন্দ্রে আগে থেকেই সহকারী প্রিসাইডিং অফিসাররা ব্যালটের পিছনে সিল ও স্বাক্ষর করে রেখেছিলেন বলে দাবি করেন।
 
তিনি বলেন, খরিয়া কাজীরচররের লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি বুথে, সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সকল বুথে, মামদাবাড়ি কেন্দ্রে সকল ব্যালট পেপারের পিছনে আগে থেকেই সহকারী প্রিসাইডিং অফিসাররা  সিল ও স্বাক্ষর দিয়ে রেখেছিল যা অনৈতিক।
  
জামায়াতের  এই প্রার্থী আরও অভিযোগ করেন বিএনপি নেতারা মামদাবাড়ি, শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট, প্রকাশ্যে সিল মারাসহ  তার ভাগিনাকে বাড়ি থেকে তুলে আনার হুমকি দিয়েছেন। জামায়াতের যুব বিভাগের সভাপতি আমির হামজা প্রতিবাদ করলে তাকে মারধর করে গুরুতর আহত করা হয় এবং বর্তমানে তিনি জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তিনি জানান।  

শ্রীবরদী সরকারি কলেজ, চরশিমূলচূড়া, ঝিনাইগাতীর কাংশা ইউপির আয়নাপুর কেন্দ্রসহ আরও বেশ কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।  

ভোটারদের হাতের আঙুলে অমোচনীয় কালি দেওয়া হয়নি। প্রশাসনকে বলার পরও প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। জালভোটের সঙ্গে জড়িতদের আটক করে প্রিসাইডিং অফিসার ও পুলিশের হাতে তুলে দেওয়া হলেও তাদের ছেড়ে দেওয়া হয়েছে এসব কারণে তিনি দলের কেন্দ্রীয় ও জেলা নেতাদের সাথে পরামর্শ করে নির্বাচন বয়কট ও বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বলে সাংবাদিকদের জানান।   

এ ব্যাপারে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে ব্যাস্ততার কারণে তিনি কথা বলতে পারেননি। তবে দুপুরে তিনি বিভিন্ন কেন্দ্র ঘুরে নির্বাচনী পরিস্থিতি নিয়ে গনমাধ্যম কর্মীদের বলেন, ভোটারদের মনোভাব দেখে তিনি শতভাগ নিশ্চিত হয়েছেন যে ধানের শীষ জয়ী হচ্ছে। 

এসময় তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, তারা দুইটি কাজ ভালো  করতে পারেন একটা হলো গরীব এলাকায় ভোট কেনেন। আর বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য যেমন- তাদের প্যানা ছিড়ে ফেলা হচ্ছে, হুমকি দিচ্ছে, এজেন্ট থাকতে দিচ্ছে না সিল মেরে নিচ্ছে এসব গুজবের মাধ্যমে তারা জনগন ও প্রশাসনের নজর অন্যদিকে নিতে চান।  

তিনি আরও বলেন, শুনছি ভোটের পরিবেশ তাদের পক্ষে না থাকায় তারা ইস্যু সৃষ্টি করে ঝামেলা করতে পারে।

আরও পড়ুন

×