পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসা
কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সুপার ও সভাপতিকে শোকজ
সংগৃহীত
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১৯:১৭ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ | ১৯:১৮
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসার প্রস্তাবিত ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় সুপার ও সভাপতিকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত নোটিশে অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন কমিটি ভেঙে দেওয়া হবে না, সে বিষয়ে চিঠি প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠাতা সদস্য হতে হলে কমপক্ষে ছয় লাখ টাকা বা সমমূল্যের সম্পত্তি মাদ্রাসায় দান করতে হয়। একইভাবে, নির্ধারিত শর্ত পূরণসাপেক্ষে দাতা ও আজীবন দাতা সদস্য হওয়ার বিধান রয়েছে। অভিযোগ রয়েছে, এসব শর্ত পূরণ না করেই মাদ্রাসার সুপার আবুল হোসেন নিজের পছন্দের ব্যক্তিদের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য দেখিয়ে কমিটি গঠন করেন।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটি অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করে। পরে সরেজমিন তদন্ত ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মাদ্রাসা শিক্ষা বোর্ড শোকজ নোটিশ জারি করে।
বোর্ডের নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।
অভিযোগকারী আসাদুজ্জামান বলেন, তদন্তে অনিয়ম প্রমাণিত হলেও এখনও কমিটি বাতিল করা হয়নি। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত এ কমিটি বাতিল করা হবে। এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ মুঠোফোনে শোকজ নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২ মার্চ দৈনিক সমকালে ‘টাকা ছাড়াই দাতা সদস্য সেজে মাদ্রাসার পকেট কমিটি গঠন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
