জ্বরের রোগীর দেহে ভুল করে জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ | ০৯:১৯
| প্রিন্ট সংস্করণ
চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুর দেহে কুকুরে কামড়ের প্রতিষেধক (জলাতঙ্ক ভ্যাকসিন) প্রয়োগের অভিযোগ উঠেছে। গত বুধবার দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু আলিফা কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেনের মেয়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে আলিফা তীব্র জ্বরে আক্রান্ত। চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসেন এমরান। একই সময়ে শাহরাস্তির আহম্মদ নগর গ্রামের রুবেল তাঁর ১৪ বছর বয়সী ছেলে নাজমুলকে কুকুরের কামড়ের চিকিৎসা দিতে হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম উভয়কে পৃথক পৃথক চিকিৎসাপত্র দেন। জরুরি বিভাগে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) আবু ইউসুফ চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগী আলিফার দেহে কুকুরের কামড়ের ভ্যাকসিন প্রয়োগ করেন। ভুল ইনজেকশন দেওয়ার বিষয়টি জানাজানি হলে আলিফার অভিভাবকদের সঙ্গে হাসপাতালের কর্মীদের বাগ্বিতণ্ডা শুরু হয়।
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ জানান, একই সময়ে ওই দুই রোগী সেবা নিতে আসে। ভুলবশত জ্বরে আক্রান্ত রোগীকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এতে
রোগীর কোনো সমস্যা নেই। অবশ্য তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।’
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহানের ভাষ্য, বিষয়টি জানতে পেরেছেন তিনি। এই ভ্যাকসিনটি ভুলক্রমে দেওয়া হলেও রোগীর কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই। তারপরও দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দায়িত্বে অবহেলা করেছে মর্মে তাঁকে বিধি-মোতাবেক শোকজ করা হবে।
- বিষয় :
- জ্বর
