ভাংচুর অগ্নিসংযোগ মামলায় কারাগারে সাবেক এমপি
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ | ০৯:২৬
| প্রিন্ট সংস্করণ
লালমনিরহাট-কুড়িগ্রামের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিনের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় জামিন পেলেও শহরের মিশন মোড়ে বিএনপি সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর রাজনৈতিক কার্যালয় ‘হামার বাড়ি’ ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাঁর জামিন নামঞ্জুর করা হয়। এর আগে বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে লালমনিরহাট ডিবি পুলিশ তাঁকে আটক করে।
সফুরা বেগম রুমী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং লালমনিরহাট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা তিনি। তাঁর স্বামীর নাম আবদুল্লা। অল্প সময়ের মধ্যেই তিনি জেলা রাজনীতিতে প্রভাবশালী অবস্থান তৈরি করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট মতিয়ার রহমানের হাত ধরে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়।
আসামিপক্ষের আইনজীবী আবু আহাদ খন্দকার লেনিন জানান, তাঁকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে সদর থানার জিআর-৮/২৫ মামলায় জামিন পেলেও জিআর-২/২৫ মামলায় জামিন নামঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে পাঠান। ডিভিশন চেয়ে আদালতে আবেদন করা হয়েছে এবং এ বিষয়ে রোববার শুনানির দিন ধার্য রয়েছে। এছাড়া বাকি মামলাগুলোতে জামিনের আবেদন করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, সফুরা বেগম রুমীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতোয়ালি ও ঢাকার মোহাম্মদপুর থানায় হত্যা, নাশকতা, প্রতারণাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, শেখ হাসিনার পতনের পর তিনি লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
- বিষয় :
- কারাগারে
