বেরোবিতে কাল শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ১৭:০১ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ | ১৭:১২
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ বইমেলা’। আগামীকাল রোববার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে।
গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বইমেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির আয়োজন করেছে। আগামী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অন্যদিকে, বাংলা নববর্ষের দিন (১৪ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হবে শোভাযাত্রা।
একই দিনে সকাল ১১টা থেকে অ্যাকাডেমিক ভবনগুলোর সামনে বসবে বৈশাখী মেলা, যেখানে বিভিন্ন বিভাগের স্টল প্রদর্শিত হবে। দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিডিয়া চত্বরে হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বইমেলার আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, গত বছরের মতো এবারও আমরা জুলাই শহীদ আবু সাঈদের স্মৃতিকে স্মরণ করে এই বইমেলার আয়োজন করেছি। বইমেলাটি ৪ দিন চলবে। ১২ এপ্রিল বিকেল ৩টায় এটি উদ্বোধন করবেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। উত্তরবঙ্গের সাহিত্যিক ও সাংস্কৃতিক বিষয় নিয়েও আয়োজন করা হবে বলে জানান তিনি।
নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা বলেন, চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা আয়োজন হাতে নিয়েছে। চৈত্র সংক্রান্তিতে শিক্ষার্থী-কর্মকর্তাদের নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতার আয়োজন করেছে ৷ এছাড়া হলের শিক্ষার্থীদের জন্য হল কর্তৃপক্ষ বিশেষ খাবারের ব্যবস্থা করেছে।

সুন্দরগঞ্জে বিজ্ঞান মেলা শুরু
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরগঞ্জে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শনিবার সকালে বিজ্ঞান মেলার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আল মামুন, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম প্রমুখ।
এর আগে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার শুভ সূচনা করে জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। আলোচনা শেষে মেলের ১৫টি স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ। মেলায় ১০ম বিজ্ঞান অলিম্পিয়া এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।
- বিষয় :
- রংপুর
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
- সুন্দরগঞ্জ
