ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণে দপ্তরি গ্রেপ্তার
প্রতীকী ছবি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ১৭:২৬ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ | ১৭:২৭
কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন শিশুটির মা। শুক্রবার রাতে মামলা দায়েরের পর পুলিশ ওই বিদ্যালয়ের দপ্তরি হামিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
শনিবার দুপুরে সমকালকে এই তথ্য নিশ্চিত করেন মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম। তিনি বলেছেন, মামলায় হামিদুল ইসলামকেই একমাত্র আসামি করা হয়। তাকে গ্রেপ্তার করে সকালেই আদালতে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হবে।
এদিকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির শারীরিক অবস্থা উন্নতির দিকে। বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকেরা। হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, মেয়েটির পরীক্ষার জন্য যে নমুনা সংগ্রহ করা হয়েছে, তা পজেটিভ পাওয়া গেছে।
রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে, মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার মিরপুরের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ ব্যাচের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। এতে অংশ নিতে বাড়ি থেকে বের হয় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। সবাই বাড়ি চলে এলেও বিকেল তিনটার পরও মেয়েটি বাড়ি ফেরেনি। এতে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা।
সম্ভাব্য সব জায়গায় খোঁজার পরও শিশুটিকে না পেয়ে রাতে বিদ্যালয়ের দপ্তরি হামিদুল ইসলামের কাছে যান পরিবারের সদস্যরা। দপ্তরি ভেতরে কেউ নেই জানিয়ে বিদ্যালয় খুলতে অস্বীকৃতি জানায়।
পরে প্রধান শিক্ষকের হস্তক্ষেপে স্থানীয় লোকজন চাবি নিয়ে বিদ্যালয় খুলে দেখেন, তৃতীয় তলার একটি কক্ষে অচেতন অবস্থায় পড়ে আছে ওই শিশুটি। এ সময় তার হাত-পা বাঁধা ছিলো। এমনকি মুখে পেঁচানো ছিলো স্কচটেপ। তার বইখাতা সেখানেই পড়ে ছিল।
- বিষয় :
- কুষ্টিয়া
- মিরপুর
- স্কুলছাত্রী ধর্ষণ
