ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কালীগঞ্জে টিকা সংকট

দুই দিনে ২৩ জনকে কামড়েছে দুই কুকুর

দুই দিনে ২৩ জনকে কামড়েছে দুই কুকুর
×

ফাইল ছবি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ১৮:১২

ঝিনাইদহের কালীগঞ্জে দুই দিনে পাগলা দুটি কুকুরের কামড়ে ২৩ জন আহত হয়েছেন। শুক্রবার ও শনিবার শহরের পৌর এলাকার নিশ্চিন্তপুর ও মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়াসহ বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা না থাকায় ভুক্তভোগীরা বিপাকে পড়েন।

স্থানীয় লোকজনের দেওয়া তথ্যমতে, শুক্রবার সকাল থেকেই শহরের মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া ও নিশ্চিন্দপুর হাইস্কুল পাড়া এলাকায় দুইটি কুকুর বেপরোয়া হয়ে ওঠে।  শনিবার সকাল পর্যন্ত কুকুর দুটি লোকজনকে কামড়াতে থাকে। এতে নিশ্চিন্তপুর হাইস্কুল পাড়ার চা বিক্রেতা পলাশ, পথচারী গোবিন্দ, অসিতের স্ত্রী (নাম জানা যায়নি), শিশু অর্ক ও মধুগঞ্জ বাজারের হাসানুজ্জামানের  মেয়ে সিনথিসহ ২৩ জন আহত হয়েছেন। 

ভুক্তভোগীদের ভাষ্য, তাদের অনেকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যান। তবে জলাতঙ্কের টিকা না থাকায় ফিরে আসতে বাধ্য হন। 

এদিকে এলাকাবাসী দলবেঁধে শুক্রবার রাতে একটি কুকুরকে হত্যা করে। তবে অন্যটিকে ধরতে পারেনি। কালীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরুণ কুমারের ভাষ্য, শুক্রবার কুকুরের কামড়ে আহত হয়ে শহরের ঢাকালে পাড়া থেকে ১১ জন ও নিশ্চিন্তপুর হাই স্কুল পাড়ার এলাকার আরও ১১ জন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে বিড়ালের কামড়ের রোগীও ছিল। 

তিনি বলেন, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা নেই। এ কারণে আহত ব্যক্তিদের অন্য জায়গা থেকে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকার সংকট রয়েছে। ভুক্তভোগীরা তাঁর কাছে এলে তাদের টিকা কিনে দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে টিকা সংকটের সমাধান হবে। 

আরও পড়ুন

×