কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
ছবি: সমকাল
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ২৩:৪৬
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, দেশের কৃষির উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ করছে।
আজ শনিবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলে কৃষির উন্নয়নে একটি সমন্বিত প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ভৈরব ও কাজলা নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোতে স্লুইসগেট নির্মাণ এবং খাল পুনঃখননের কাজ চলছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা গেলে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।’
দেশের ৫৪টি জেলায় ইতোমধ্যে এ ধরনের প্রকল্প শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো ও কৃষি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষিকে অগ্রাধিকার দিয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই মধ্যে কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদ মওকুফ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং আগামী ১৪ এপ্রিল কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।’ তিনি স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে বলিয়াপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য তাজ উদ্দিন খান, জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাবেক সভাপতি মাসুদ অরুণ এবং আমজাদ হোসেন। এসময় পুলিশ সুপার উত্তম কুমার রায়সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
