সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শনিবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
যশোর অফিস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ২৩:৫৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রয়োজনে শহরের গ্রাহকরা বিদ্যুৎহীন থাকবে; কিন্তু গ্রামে কৃষকের ফসলের মাঠে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। কোনোভাবেই যেন সেচের ক্ষতি না হয়। কৃষকদের প্রতি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করার জন্য সরকার সচেষ্ট।
শনিবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী পহেলা বৈশাখ পরীক্ষামূলকভাবে ১০টি জেলায় কৃষক কার্ডের কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সারা পৃথিবীতে মূল্য বেড়েছে। কৃষকদের কথা বিবেচনা করে সরকার জ্বালানি তেলের মূল্য বাড়ায়নি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন জানান, জেলায় তিন হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে এক কেজি করে পাটের বীজ, পাঁচ কেজি এমওপি ও পাঁচ কেজি ডিওপি সার দেওয়া হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
- বিষয় :
- যশোর
- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
