ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দরবারপ্রধানকে পিটিয়ে হত্যা

‘এখনো মারা যায়নি, পেটাও’ বলে হামলাকারীদের তাণ্ডব

‘এখনো মারা যায়নি, পেটাও’ বলে হামলাকারীদের তাণ্ডব
×

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ১৩:০৪ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ | ২১:২৯

কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর গ্রামে দরবার শরিফপ্রধান আব্দুর রহমান শামীমকে (৫২) পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পবিত্র কোরআন অবমাননার অভিযোগে গতকাল শনিবার দুপুরে একদল বিক্ষুব্ধ মানুষ তার আস্তানায় অতর্কিত হামলা চালিয়ে তাকে পিটিয়ে হত্যা করে। এ এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও দরবারের খাদেম জামিরন নেছা বলেন, 'বেলা ১টার দিকে হঠাৎ চারপাশ থেকে মানুষ মিছিল নিয়ে দরবারে আসতে থাকে। তাদের হাতে ছিল লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র। ৮০ থেকে ১০০ জন হবে। কিছু বুঝে ওঠার আগে তারা দরবারে ঢুকে পড়ে।' 

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, 'তারা পীর সাহেবকে ঘিরে ফেলে এবং লোহার রডসহ হাতে যা পেয়েছে তা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। প্রথম দফার মারধরে তিনি যখন মাটিতে লুটিয়ে পড়েন, তখন মনে হয়েছিল তিনি মারা গেছেন। কিন্তু হামলাকারীদের মধ্য থেকে কেউ একজন চিৎকার করে বলে ওঠে- এখনো মারা যায়নি, পেটাও!। এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আন্যরা আবার তার ওপর চড়াও হয় এবং আঘাত করতে থাকে। এ সময় পীর সাহেব শুধু মুর্শিদের নাম নিয়েছিলেন।'

প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীদের অধিকাংশ ছিল তরুণ। 

এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দরবার ও আশপাশে লোকজনের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 

নিহতের বড় ভাই ফজলুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে লাশ দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, 'আব্দুর রহমান শামীম ১২ বছর রাজধানীর বিভিন্ন স্থানে সাধনা শেষে ২০২০ সালে গ্রামে এসে দরবার শরিফ গড়ে তোলেন। শামীম ছিলেন জাহাঙ্গীর সুরেশ্বরীর ভক্ত।'

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপর রয়েছে।

এদিকে গতকাল সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ঘটনার নিন্দা জানান। এ সময় তিনি বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠীই আইনের ঊর্ধ্বে নয়। ধর্ম অবমাননার মতো কোনো অভিযোগ থাকলে সেটি দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের সুযোগ ছিল। আইন নিজের হাতে তুলে নেওয়া সমর্থনযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজ বেলা পৌনে ১২টার দিকে পুলিশের খুলনা রেলের অতিরিক্ত ডিআইজি জয়েন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইন আওতায় আনা হবে।

আরও পড়ুন

×