ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাউলশিল্পী শফি মন্ডলের দৌলতপুরের বাড়িতে পুলিশ মোতায়েন

দরবারপ্রধানকে হত্যা

বাউলশিল্পী শফি মন্ডলের দৌলতপুরের বাড়িতে পুলিশ মোতায়েন
×

দৌলতপুরে বাউল শিল্পী শফি মন্ডলের গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১৪:৪৬ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ | ১৪:৪৭

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে দরবার শরিফে হামলা ও দরবারপ্রধান আব্দুর রহমান ওরফে শামীমকে হত্যার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনার রেশ ধরে নিরাপত্তাজনিত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেশ বরেণ্য বাউল শিল্পী শফি মন্ডলের হোসেনাবাদ গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। ঘটনার দিন রাত থেকে তার বাড়িতে পুলিশ মোতায়ন করা হয়। 

শনিবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় অবস্থিত সুফিবাদ ও লালন দর্শনে বিশ্বাসী আব্দুর রহমান ওরফে শামীমের দরবারে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শামীম কোরআন অবমাননামূলক বক্তব্য দিয়েছেন —এমন অভিযোগ তুলে বিক্ষুব্ধ জনতা দরবারে অতর্কিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পিটুনিতে শামীম নিহত হন এবং তার কয়েকজন অনুসারী আহত হন। এই হামলার ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলার সূত্রপাত হওয়া সেই ভাইরাল ভিডিওটিতে বাউল শিল্পী শফি মন্ডলের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভিডিওতে তাকে শামীমের ওই দরবারে গান-বাজনা করতেও দেখা গেছে। এই বিষয়টিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দৌলতপুর থানা পুলিশ শিল্পীর বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে।

শফি মন্ডলের জামাই মুকুলুর রহমান বলেন, আমার শ্বশুর (শফি মন্ডল) পেশাগত কারণে ঢাকায় থাকেন। বাড়িতে কেউ তেমন থাকেন না।  শশুরের বাড়ির পাশাপাশি আমার বাড়ি হওয়ায় আমিই বাড়িটি দেখভাল করি।  ১১ এপ্রিল (শনিবার) সন্ধ্যার পর হঠাৎ করে আমরা দেখছি বাড়ির সামনে কয়েকজন পুলিশ বসে আছে। নিরাপত্তাজনিত কারণে পুলিশ এসেছে বলে জানতে পেরেছি।  

বাউল শিল্পী শফি মন্ডল বলেন, ‘তিনি এক মাস ধরে ঢাকায় অবস্থান করছেন। গ্রামে কী ঘটছে বা এলাকায় কী পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে সম্পর্কে অবগত নই। পরিবারের পক্ষ থেকে জানতে পেরেছি আমার বাড়িতে পুলিশ মোতায়ন করা হয়েছে। কেন পুলিশ মতায়ন করা হয়েছে সে বিষয়টি আমার জানা নেই।’ 

তিনি বলেন, ‘আমি একজন সাধক ও লালন দর্শনের অনুসারী। গানের প্রয়োজনে বিভিন্ন স্থানে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়। একই গ্রামে বাড়ি হওয়ায় প্রায় দেড় বছর আগে ওই দরবারে যাওয়ার বিষয়টি ছিল শুধুমাত্র পেশাগত বা সংগীতের কারণে। আদর্শগতভাবে তার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’ 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ‘নিরাপত্তাজনিত কারণে বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও তার বাড়িতে হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন কঠোর নজরদারি বজায় রেখেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলার খবর পাওয়া যায়নি।
 

আরও পড়ুন

×