নিহত শামীমের ভাই বললেন
আমরা মামলা করব না, পুলিশ অপরাধীদের শনাক্ত করুক
দৌলতপুরে হামলা নিহত দরবারপ্রধান আব্দুর রহমান ওরফে শামীম
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১৫:০৯ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ | ১৫:১০
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দরবারে হামলা ও দরবারপ্রধান আব্দুর রহমান ওরফে শামীম হত্যার ঘটনায় মামলা করবে না নিহতের পরিবার। সোমবার সকালে নিহতের বড় ভাই ফজলুর রহমান এ কথা জানান।
তিনি জানান, ঘটনার পর থেকে পুলিশের পক্ষ থেকে মামলা করার জন্য পরিবারের সদস্যদের বলা হয়েছিল। কিন্তু পারিবারিকভাবে তারা মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন।
ফজলুর রহমান বলেন, ‘শামীমকে দাফনের পর আমরা আমাদের পরিবার ও স্বজনদের নিয়ে বৈঠকে বসেছিলাম। সেই বৈঠকেই সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে, আমরা কোনো আইনি লড়াই বা মামলা-মোকদ্দমায় জড়াব না। কারণ আমার বয়স হয়েছে।
মামলা না করার বিষয়ে পরিবারের অবস্থান স্পষ্ট করে ফজলুর রহমান আরও বলেন, ‘আমরা কোনো মামলা করব না। তবে যারা এই জঘন্য ঘটনা ঘটিয়েছে, আমরা চাই পুলিশ তাদের নিজ দায়িত্বে শনাক্ত করুক এবং আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করুক।’
কেন মামলা করবেন না এমন প্রশ্নের জবাব তিনি বলেন, ‘আমার বয়স হয়েছে। এই বয়সে আইনি দৌড়ঝাঁপ করার শারীরিক সামর্থ্য আমার নেই। তাছাড়া পরিবারে এমন কেউ নেই যে, সে আইনী লড়াই করবে।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘তারা মামলা করবেন না—এমন কোনো আনুষ্ঠানিক বার্তা আমরা পাইনি বরং আইনি প্রক্রিয়া শুরুর জন্য আজ (সোমবার) তাদের থানায় আসার কথা রয়েছে। পুলিশের পক্ষ থেকে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।
উল্লেখ্য, ১১ এপ্রিল দরবারে অতর্কিত হামলার ঘটনায় দরবারপ্রধান শামীম নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
