বাঁচানো গেলো না উদ্ধার নবজাতকটিকে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার সকালে মারা যায় উদ্ধার হওয়া নবজাতকটি। ছবি: সমকাল
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১৬:৩৯ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ | ১৬:৪৫
কিশোরগঞ্জের ভৈরবে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছিলো এক নবজাতককে। উদ্ধারের ১৬ ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ওই শিশু। সোমবার সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, রোববার বিকেল পাঁচটার দিকে উদ্ধার করা হয়েছিলো শিশুটিকে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভৈরব পৌর এলাকার চণ্ডিবেড় কামাল খানের বাড়ির পেছনে রোববার বিকেল ৫টায় ওই নবজাতকটিকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। একই এলাকার সন্তানহীন দম্পতি হেলাল উদ্দিন ও সুখতারা বেগমের চোখে পড়েছিলো শিশুটি। তারা দ্রুত উদ্ধার করে ওই নবজাতককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
সুখতারা বেগম বলেন, ‘আমার স্বামী হেলাল উদ্দিন বালুর মাঠে পলিথিনে মোড়ানো কিছু একটা নড়াচড়া করতে দেখেন। পরে আমাকে জানালে দু’জন মিলে পলিথিন খুলে দেখি, একটি ছেলে নবজাতক। তখনও বাচ্চাটি জীবিত ছিল, সে চিৎকার করছিল।’ তিনি আরও বলেন, শুরুতে শিশুটিকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, রোববার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে চিকিৎসাধীন নবজাতকের তথ্য পান। সকালে মৃত্যুর খবর শুনে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাচ্চাটি কার এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর জানান, চণ্ডিবেড় এলাকার বালুর মাঠে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতককে উদ্ধার করেছিলেন সন্তানহীন এক দম্পতি। তারা হাসপাতালে নিয়ে আসলে নবজাতকটিকে সুস্থ করতে চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- ভৈরব
- স্বাস্থ্য কমপ্লেক্স
- শিশুর মৃত্যু
