খালের প্যালাসাইডিং কাজে নিম্নমানের পাথর ব্যবহার
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ০৮:৫১
| প্রিন্ট সংস্করণ
কুলাউড়া পৌরসভার ভেতর দিয়ে প্রবাহিত হওয়া মরা গোগালী ছড়া খালের উভয়তীরে প্যালাসাইডিং নির্মাণ কাজে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানে বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, বন্যাকবলিত পৌরসভার বাদে মনসুর এলাকায় যেভাবে নিম্নমানের পাথর ব্যবহার করে ব্লক ও প্যালাসাইডিং নির্মাণকাজ করা হচ্ছে–এটা টেকসই হবে না।
এদিকে সোমবার সকালে মরা গোগালী ছড়া খালের প্যালাসাইডিং নির্মাণকাজসহ পৌর এলাকায় কয়েকটি উন্নয়নকাজ পরিদর্শন করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, মরা গোগালী ছড়া খালের প্যালাসাইডিং কাজে ব্যবহৃত ব্লক ও প্যালাসাইডিং নির্মাণকাজে যে পাথরগুলো দিয়ে কাজ করা হচ্ছে সেগুলো অত্যন্ত নিম্নমানের। ব্লক যেভাবে হওয়ার কথা সেভাবে করা হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে সঠিকভাবে কাজ করতে নির্দেশনা দিয়েছেন তিনি।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ১ কোটি ৯৭ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে মরা গোগালী ছড়া খালের উভয়তীরে ৯০০ মিটার প্যালাসাইডিং করা হবে। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে মাহিয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
- বিষয় :
- পাথর লুট
