ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্বজনের আবদার মেয়ের নাম ‘বৈশাখী’ রাখার

স্বজনের আবদার মেয়ের নাম ‘বৈশাখী’ রাখার
×

নববর্ষের সকালে নতুন বোন পেয়ে খুশি ধরছে না রাইসা ইসলামের। মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে। ছবি: সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ১৮:০১

চিকিৎসক সন্তান প্রসবের দিন-তারিখ নির্ধারণ করে দিয়েছিলেন ১৭ এপ্রিল। কিন্তু সোমবার রাতেই রাবেয়া ইসলামের প্রসবব্যথা শুরু হয়। স্বজনেরা তাঁকে নিয়ে যান বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে। তখন রাত ১০টা। স্বাভাবিকভাবে যাতে সন্তানের জন্ম হয়, সংশ্লিষ্টরা সেই চেষ্টায় এগোতে থাকেন। আজ বাংলা নববর্ষের ভোর ৬টা ১০ মিনিটে অস্ত্রোপচার ছাড়াই জন্ম হয় কন্যা সন্তানের।

রাবেয়া সমকালকে জানান, জন্মের পর স্বজনরা এসে আবদার করেন– সন্তানের নাম যেন ‘বৈশাখী’ রাখা হয়। তবে এখনও তিনি নাম ঠিক করেননি। মেয়ের বাবা রুবেল মল্লিক এলে তাঁকে নিয়ে নাম ঠিক করবেন। রুবেল-রাবেয়া দম্পতির প্রথম সন্তান রাইসা ইসলামের বয়স ৭ বছর। 

রাবেয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের মেয়ে। ঢাকার মিরপুরে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সেখানে সহকর্মী রুবেল মল্লিকের সঙ্গে পরিচয়। ২০১৬ সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। রুবেলের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার ডাবেরকুল ইউনিয়নের গাজীরপাড় গ্রামে। বৈবাহিক সূত্রে চাঁপাইনবাবগঞ্জের মেয়ে রাবেয়া এখন বরিশালের পুত্রবধূ। তবে কাজের সুবাদে স্বামীর সঙ্গে থাকতেন চট্টগ্রামে। 

পহেলা বৈশাখের সকালে সন্তানের জন্ম হবে– এমন কোন হিসাবনিকাশ রাবেয়ার কাছে ছিল না। রাবেয়া জানান, স্বামীর সঙ্গে তিনি চট্টগ্রামের থাকতেন। গর্ভধারণের সাত মাস চলাকালে তিনি উজিরপুর শ্বশুরবাড়িতে চলে আসেন। সেখানকার চিকিৎসকরা তাঁকে ধারণা দিয়েছিলেন– ১৭ এপ্রিল সন্তান ভূমিষ্ঠ হতে পারে। প্রস্তুতিও ছিলো সেভাবে। কিন্তু দুদিন আগেই পৃথিবীতে এলো নবজাতক। 

রুবেল ছুটি না পাওয়ায় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে পারেননি। চট্টগ্রাম থেকে ফোনে খোঁজখবর নিচ্ছেন। পুত্রবধূর সঙ্গে হাসপাতালে আছেন রুবেলের মা লিলি মঞ্জুর। সন্তান ছেলে নাকি মেয়ে– এ নিয়ে তাদের মধ্যে কোন আফসোস নেই। সমকালকে তিনি বলেন, ‘এখন আমার দুই নাতনি। ওরাই আমার ঘর আলো করবে।’ 

শেবাচিম হাসপাতালের প্রসূতি বিভাগের নার্স সেলিনা ইসলাম জানান, দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাসেবা প্রতিষ্ঠান শেবাচিম হাসপাতালে নববর্ষের সকালে রাবেয়া সন্তান প্রসব করেন। স্বাভাবিক প্রক্রিয়ায় সবকিছু হয়েছে। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

আরও পড়ুন

×