সুন্দরবনে নৌকাডুবি: নিখোঁজ আরও দুই মৌয়াল উদ্ধার
স্বজনদের সঙ্গে উদ্ধার হওয়া মৌয়াল অলিউর রহমান লিটন ও মিকাইল হোসেন
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ১৮:০৭ | আপডেট: ১৪ মে ২০২৬ | ০৮:৩৬
মধু আহরণে গিয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার মৌয়ালের মধ্যে আরও দু’জন উদ্ধার হয়েছেন। দুর্ঘটনার ছয়দিন পর গতকাল সোমবার সকালে বনবিভাগের হলদেবুনিয়া টহলফাঁড়ির সদস্যরা সুন্দরবনের ছায়া নদীর টেক এলাকা তাদের উদ্ধার করেন।
উদ্ধার দুই মৌয়াল হলেন- শ্যামনগর উপজেলার গোদাড়া গ্রামের অলিউর রহমান লিটন ও মিকাইল হোসেন। এর আগে সুন্দরবনে মাছ শিকারে যাওয়া জেলেরা নিখোঁজ ইকরামুল কবীরকে উদ্ধার করেন। তবে দলের সবচেয়ে প্রবীণ সদস্য আকবর মোল্যা নিখোঁজ রয়েছেন। ফলে তার স্বজনদের মধ্যে চরম উৎকন্ঠা ভর করেছে।
উল্লেখ্য আট মৌয়ালকে নিয়ে গত ৬ এপ্রিল সুন্দরবনের রায়মঙ্গল নদীর কাচিকাটা এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় জেলেদের সহায়তায় চারজন মৌয়াল তাৎক্ষনিক উদ্ধার হলেও তাদের অপর চার সহযোগী নিখোঁজ ছিলেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, নিখোঁজ মৌয়ালদের সন্ধানের অংশ হিসেবে গত ১১ এপ্রিল বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করে। হলদেবুনিয়া টহলফাঁড়ির ফাইবার নিয়ে সন্ধানের একপর্যায়ে সোমবার দু’জনকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
বনবিভাগের এ কর্মকর্তা আরও জানান, প্রায় একই সময়ে অপর একটি নৌকা ডুবে পাঁচজন মৌয়াল নিখোঁজ হয়েছিলেন। এ সময় ঝড়ের মধ্যে স্রোতে সুন্দরবনে ভারতীয় অংশে ভেসে যান শওকাত আলী। তখন তাকে ভারতীয় বনরক্ষীরা আটক করেন। তবে সুন্দরবনের বাংলাদেশের অংশের গাড়াল নদীর মোহনা থেকে রাশিদুল ইসলাম (৩৬), শুকোর আলী (৩৭), আব্দুল লতিফ মোল্যা (৬৪), তৈবুর রহমানকে (২৩) বনরক্ষীরা উদ্ধার করেন। তারা শ্যামনগর উপজেলার বিড়ালাক্ষ্মী, গোদাড়া ও বুড়িগোয়ালিনী এলাকার বাসিন্দা।
এদিকে নিখোঁজ চার মৌয়ালের মধ্যে তিনজন ফিরলেও আটদিনেও হদিস মেলেনি আকবর মোল্যার। এতে উদ্বেগ বাড়ছে পরিবারের।
দুর্ঘটনার সময়ে আকবর মোল্যার সঙ্গে থাকা তার বড় ছেলে সবুর মোল্যা জানান, ঝড়ের সময় বাবা বলছিলেন, তার শরীর আর কুলচ্ছে না। এর একপর্যায়ে বড় একটা ঢেউ এসে দু’জনকে বিচ্ছিন্ন করে দেয়। পরদিন সকালে আমার চেতনা ফিরেছিল।
তিনি আরও বলেন, বাবাকে ছাড়া বাড়ি ফেরার বিষয়টি কষ্ট দিচ্ছে। আরও কয়েকদিন সুন্দরবনের বিভিন্ন প্রান্তে জেলেদের মাধ্যমে বাবার খোঁজ করবেন বলেও জানান তিনি।
