বর্ষবরণ অনুষ্ঠানে সংসদ সদস্যের ওপর হামলার অভিযোগ
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ২৩:১৭ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ | ২৩:২১
ময়মনসিংহের তারাকান্দায় বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপি নেতার সমর্থকদের মধ্যে হট্টগোল, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১১ দলীয় জোটের ৪-৫ জন নেতাকর্মী আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় এ হট্টগোলের সূত্রপাত হয়। পরে বিকেলে এই ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ।
সংসদ সদস্যের অভিযোগ, অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে ধানের শীষের পরাজিত প্রার্থী ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সমর্থকরা তাকে ধাওয়া করেন এবং তার সাথে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালান।
মুফতি মুহাম্মদুল্লাহ বলেন, নির্বাচনে পরাজিত হয়ে আতংক সৃষ্টির লক্ষ্যে মোতাহার হোসেন তালুকদার সবসময় আমাদের নেতাকর্মীদের দমিয়ে রাখতে চান। তারই অংশ হিসেবে আজ সরকারি অনুষ্ঠানে গণ্ডগোল সৃষ্টির চেষ্টা করা হয়েছে। আমি হাত মেলাতে গেলেও তিনি অস্বীকৃতি জানান এবং তার লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার এক সংবাদ সম্মেলনে জানান, তাকেও প্রশাসনের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল।
তিনি বলেন, আমি হলরুমে বসে থাকা অবস্থায় সংসদ সদস্য ও তার লোকজন ভেতরে প্রবেশ করেন। এসময় দর্শকসারিতে থাকা মেয়েদের সাথে সংসদ সদস্যের কর্মীদের বাকবিতণ্ডা হলে উপস্থিত লোকজন এগিয়ে যায়। আমি নিজেই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি এবং সংসদ সদস্যকে মঞ্চে বসার অনুরোধ করেছি।
তিনি আরও দাবি করেন, ঘটনার সময় হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
সংসদ সদস্য ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিকেল চারটায় তারাকান্দার প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করে ১১ দলীয় জোট। মিছিল শেষ করে নেতাকর্মীরা কলেজ রোড এলাকায় পৌঁছালে পুনরায় হামলার ঘটনা ঘটে। এতে ধারালো অস্ত্রের আঘাতে হেদায়েতুল্লাহ বাচ্চু, মোহাম্মদ রিয়াদ ও এনসিপি নেতা শামীমসহ ৫ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম সমকালকে বলেন, অনুষ্ঠান শুরুর আগে সংসদ সদস্য ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়েছে। পরে বাইরে মারামারির খবর শুনেছি এবং ২-৩ জন হাসপাতালে আছেন বলে জেনেছি। এ বিষয়ে কোনও পক্ষের কাছ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ জানান, বিক্ষোভ সমাবেশের সময় পুলিশ নিরাপত্তা দিলেও মিছিল শেষে ফেরার পথে হামলার ঘটনা ঘটে থাকতে পারে। ওই সময়ে সেখানে পুলিশ ছিল না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
- বিষয় :
- ময়মনসিংহ
- তারাকান্দা
- হামলার অভিযোগ
