আ.লীগ নেতার নেতৃত্বে চিংড়িঘের লুটপাটের অভিযোগ
ফাইল ছবি
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ১৭:৩০ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ | ১৮:০১
সাতক্ষীরার শ্যামনগরে হুমকি দেওয়ার পরদিন চিংড়িঘেরের মাছ লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা ও তাঁর ছেলেদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভৈরবনগরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ঘেরমালিক গোলাম আজম এ ব্যাপারে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গোলাম আজম জানান, উপজেলার রমজাননগর ইউনিয়নের ভৈরবনগর মৌজার সাড়ে চার বিঘা জমি ২০১৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত ইজারা নিয়ে তিনি চিংড়ি চাষ করছেন। এ জন্য এলাকার রফিকুল ইসলাম ও মনিরুল ইসলামকে চার বছরের অগ্রিম টাকা পরিশোধ করেন। কিন্তু জমির মালিকদের সঙ্গে রমজাননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতি আহাদ আলীর বিরোধ রয়েছে।
ওই বিরোধের জের ধরে সোমবার আহাদ আলীর ছেলে রাশিদুল ও সিরাজুল ঘেরমালিক গোলাম আজমকে হুমকি দেন। তিনি শ্যামনগর থানায় বিষয়টি লিখিতভাবে জানান।
অভিযোগে বলা হয়, মঙ্গলবার সবাই যখন পহেলা বৈশাখের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, সেই সুযোগে আহাদ আলী ও তার তিন ছেলে রাশিদুল, শহিদুল ও সিরাজুলের নেতৃত্বে গোলাম আজমের চিংড়িঘেরে লুটপাট চালানো হয়।
আহাদ আলীর দাবি, তিনি আগে রাজনীতি করলেও এখন কোনো দল করেন না। ওই জমি নিয়ে বিরোধের বিষয়টি জানিয়ে গোলাম আজমকে নিষেধ করেছিলেন মাছের ঘের না করতে। তবে কথা না শোনায় সেখানে তিনিও মাছ ছেড়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার কিছু মাছ ধরেছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। পুলিশ শিগগিরই ঘটনাস্থল পরিদর্শনে যাবে। অভিযোগের সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
