ফরম পূরণ হয়নি ৩৯ শিক্ষার্থীর, এসএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা
সংগৃহীত
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ১৯:৩৯
আর মাত্র সাত দিন পর শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৩৯ পরীক্ষার্থী চরম দুশ্চিন্তায় রয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৪০ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও একজন ছাড়া বাকি ৩৯ জনই পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। অভিযোগ উঠেছে, তাদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণ— কোনোটিই সম্পন্ন হয়নি।
শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৪০ পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। কিন্তু তাদের মধ্যে মাত্র একজনের ফরম পূরণ হয়েছে। বাকি ৩৯ জনের ফরম পূরণ করা হয়নি। এ ছাড়া এই ৩৯ জনের মধ্যে ৩৪ শিক্ষার্থীর নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনও সম্পন্ন করা হয়নি বলে জানা গেছে।
ভুক্তভোগী পরীক্ষার্থী আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ, সোনিয়া, খাদিজা ও ইতি খাতুন জানায়, তারা নিয়মমাফিক টাকা জমা দিলেও তাদের ফরম পূরণ করা হয়নি। এতে তারা চরম অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে রয়েছে।
বুধবার পর্যন্ত রাজশাহী শিক্ষা বোর্ডে যোগাযোগ ও তদবির করেও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নবম শ্রেণির নিবন্ধন এবং এসএসসি পরীক্ষার ফরম পূরণের কোনো সমাধান হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কামারুজ্জামান অফিস সহকারীর ওপর দায় চাপিয়ে বলেন, এসব কাজের দায়িত্ব অফিস সহকারীকে দেওয়া ছিল। কীভাবে শিক্ষার্থীরা ফরম পূরণ থেকে বাদ পড়ল, তা তিনি বুঝতে পারেননি। তিনি আরও জানান, কলেজ পরিদর্শক ও চেয়ারম্যানের সঙ্গে কথা বলা হয়েছে এবং তাঁর দাবি, ‘রেজিস্ট্রেশন হয়ে গেছে, আগামীকাল বৃহস্পতিবার ফরম পূরণ হয়ে যাবে।’
রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান জানান, গত সোমবার অধ্যক্ষ বোর্ডে এসেছিলেন, তবে প্রয়োজনীয় হার্ড কপি সঙ্গে আনেননি। এখন চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে পরীক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে কেশবপুর স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
