ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত
×

ফাইল ছবি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ২২:০৬

কক্সবাজারের উখিয়া সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নাফ নদীর ১৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ ইউনুছ (২৬) উখিয়ার থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২ ব্লকের বাসিন্দা এবং সবুল হকের ছেলে।

বিজিবির উখিয়া-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সকালে ইউনুছসহ কয়েকজন নাফ নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের ভেতরে গেলে হঠাৎ বিকট শব্দে মাইন বিস্ফোরণ ঘটে। এতে ইউনুছ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিজিবি কর্মকর্তা বলেন, বিস্ফোরণের ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে এবং বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। সীমান্ত এলাকায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে চলতি মাসের ১০ এপ্রিল উখিয়ার বালুখালী সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. সাদেক (২৫) নামে এক রোহিঙ্গা যুবক পা হারান।তিনি উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এফ-১৩ ব্লকের বাসিন্দা।

এছাড়া ২৯ মার্চ বালুখালী সীমান্তে আব্দুল হাকিম (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হন এবং ২৬ মার্চ আঞ্জুমানপাড়া সীমান্তে আরেক বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল ইসলাম (২৫) নামের এক যুবকের পা বিচ্ছিন্ন হয়।

সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলা জরুরি। অন্যথায় এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।

গত ২৯ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত মাত্র ১৭ দিনে উখিয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে চার রোহিঙ্গা পা হারিয়েছেন।

আরও পড়ুন

×