ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সমিতির নির্বাচন

ময়মনসিংহে ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে ১৬ আইনজীবীর প্রার্থিতা বাতিল

ময়মনসিংহে ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে ১৬ আইনজীবীর প্রার্থিতা বাতিল
×

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ | ২২:৫৬

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ‘ফ্যাসিস্টের সহযোগী’ ও ‘নিষিদ্ধ সংগঠনের’ সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বুধবার যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল বারী স্বাক্ষরিত নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়।

বাতিল হওয়াদের তালিকায় রয়েছেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (আওয়ামী লীগ সমর্থকদের প্যানেল) সভাপতি প্রার্থী বদর উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক প্রার্থী এমদাদুল হক। এ ছাড়া সহসভাপতি পদে তিনজন, সহসম্পাদক পদে তিন, অডিটর একজন এবং সদস্য পদের সাতজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নির্বাচনী তপশিলে একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়, ‘নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন বা ফ্যাসিস্টদের সহযোগী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।’ তবে এই সিদ্ধান্তকে অসাংবিধানিক ও অনিয়ম হিসেবে আখ্যা দিয়েছেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা।

বদর উদ্দিন আহমেদ বলেন, ‘এটি নির্দলীয় পেশাদার সংগঠনের নির্বাচন। আইনজীবী সমিতির ইতিহাসে রাজনৈতিক তকমা দিয়ে প্রার্থিতা বাতিলের এমন ঘটনা আগে কখনও ঘটেনি। আমাদের সঙ্গে জাসদ, বাসদ, কমিউনিস্ট পার্টি ও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীরাও ছিলেন। এই সিদ্ধান্তে সাধারণ আইনজীবীরা ক্ষুব্ধ।’

সহসম্পাদক পদে মনোনয়ন বাতিল হওয়া সাইফুল ইসলাম দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক দলের পদধারী নন, এমনকি ছাত্রজীবনেও রাজনীতি করেননি। শুধু পূর্ববর্তী একটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

গত ১২ এপ্রিল নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। তপশিল অনুযায়ী গতকাল ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৩ এপ্রিল ভোট গ্রহণ হবে। তবে প্রার্থিতা বাতিলের এই সিদ্ধান্তের পর আইনজীবীদের একটি অংশ আইনি পদক্ষেপ বা আন্দোলনের কথা ভাবছে।

আরও পড়ুন

×