চট্টগ্রামের বোয়ালখালী
পাখির বাসা ভেঙে ছানা হত্যার দায়ে জেল-জরিমানা
পোপাদিয়া ইউনিয়নের ভুবনেশ্বরী মাতৃমন্দির এলাকায় ভেঙে ফেলা বাবুই পাখির বাসা ও ডিম -সমকাল
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ০৭:৪২ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ | ০৯:১৩
| প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বোয়ালখালীতে বাবুই পাখির বাসা ভেঙে ডিম নষ্ট করার পাশাপাশি ছানা হত্যার অপরাধে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বর ভট্ট বাজারসংলগ্ন ভুবনেশ্বরী মাতৃমন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় রাস্তার ধারের একটি তালগাছে দীর্ঘদিন ধরে বাসা বেঁধে বাস করছিল বাবুই পাখির দল। অভিযুক্ত বাচা মিয়া সেই গাছে ঝুলে থাকা প্রায় ২৭টি বাবুই পাখির বাসা বাঁশ দিয়ে ভাঙতে থাকেন। এতে অসংখ্য পাখির ছানা মারা যায়। বুধবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বিকেল ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। এ সময় সবার সামনে বাচা মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন।
স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য স্থানীয় অয়ন মল্লিক জানান, দুই দিন ধরে বাসাগুলো ভেঙে ফেলা হচ্ছিল। এতে বাসায় থাকা ৫০-৬০টি বাবুই ছানা মারা যায় এবং পাখির ২০ থেকে ৩০টি ডিম ভেঙে যায়। অভিযুক্ত বাচা মিয়ার দাবি, বাবুই পাখি তার ফসলের ক্ষতি করছিল। এ কারণে তিনি বাসা ভেঙে দেন।
ইউএনও হাসান ফারুক বলেন, বাবুই পাখির অর্ধশতাধিক ছানা মারা গেছে। ভেঙে ফেলা হয়েছে ২০-৩০টি ডিম। অভিযুক্ত অপরাধ স্বীকার করেছেন। বন্যপ্রাণী আইনে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
