ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ বেসরকারি হাসপাতালে ভাঙচুর

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ বেসরকারি হাসপাতালে ভাঙচুর
×

মাদারীপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ০৯:১৬

| প্রিন্ট সংস্করণ

মাদারীপুর শহরে কে আই হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে রোগীর স্বজনরা হাসপাতালটিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার ছিলাচর ইউনিয়নের রঘুরামপুর এলাকার বিলকিস বেগম নামে এক রোগী শরীরে একটি ফোঁড়ার চিকিৎসা নিতে শহরের পানিছত্র এলাকার কে আই হাসপাতালে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহসান হাবিবের তত্ত্বাবধানে রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে উন্নত চিকিৎসার 

জন্য ঢাকায় রেফার করা হয়। পরে পরিবারের সদস্যরা বিলকিস বেগমকে ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে রওনা হলে রাত আনুমানিক ১১টার দিকে পথে তিনি মারা যান। 
রোগীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে নিহতের স্বজনরা হাসপাতালে এসে ক্ষোভ প্রকাশ করেন এবং একপর্যায়ে হাসপাতালে ভাঙচুর চালান। ভাঙচুরে হাসপাতালের চিকিৎসকের চেম্বার, রিসিপশন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 
হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অন্যত্র সরিয়ে নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, ঘটনা শুনে তিনি সেখানে যান। এ হাসপাতালে এমন ঘটনা প্রায়ই ঘটে বলে অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×