রাঙামাটিতে গণতান্ত্রিক যুব ফোরাম নেতাকে গুলি করে হত্যা
ফাইল ছবি
রাঙামাটি অফিস
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ১১:৩৪
রাঙামাটি সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অঙ্গসংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্মশিং চাকমা (৪১) নিহত হয়েছেন। এসময় তার দুই বোন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার কতুকছড়ি ইউনিয়নের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কতুকছড়ির এক আবাসিক এলাকায় ধর্ম শিং চাকমা অবস্থান করছিলেন। এসময় ১০ থেকে ১২ জন বাড়ি ঘেরাও করে। পরে তিনি পালিয়ে যাওয়ার সময় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার দুই বোন ভাগ্য শোভা চাকমা (৩১) ও কৃপাসোনা চাকমা (৪৫) গুলিবিদ্ধ হন। তাদের আহত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
কতুকছড়ি ইউপি চেয়ারম্যান কানন চাকমা জানান, গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্মশিং চাকমা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। এসময় তাকে রক্ষা করতে গিয়ে তার দুই বোন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) সৈকত আকবর খান বলেন, ভাগ্য শোভা চাকমা ও কৃপাসোনা চাকমা নামে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। রোগীদের অবস্থা তেমন ভালো না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটি কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দীন জানান, একজন নিহত হয়েছেন বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে।
- বিষয় :
- রাঙামাটি
- গুলি করে হত্যা
- ইউপিডিএফ
