ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

জাটকা ধরার অপরাধে ২২ জেলে আটক, ১৫ জনের সাজা

জাটকা ধরার অপরাধে ২২ জেলে আটক, ১৫ জনের সাজা
×

ছবি: সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ২১:২১

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, একজন অসুস্থ হওয়ায় ৫০০ টাকা জরিমানা এবং বাকি ছয়জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার এসব তথ্য জানান জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।

আটক জেলেদের কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন– মো. ইউনুস, শামীম পাটোয়ারী, রিপন খান, হোসাইন হাওলানাদর, মো. রাকিব, আব্দুল করিম, ঈমান হাওলাদার, দুধু মাঝি, আনসার খান, দলিল মিজি, শাহীন হাওলাদার, হাসান হাওলাদার, হাবিব জমাদার, আবুল কাশেম, হারুন জামাদার, শাহজাহান পাটোয়ারী।

তাদের বাড়ি চাঁদপুর শহরের পুরান বাজার, দোকানঘর, সদরের বহরিয়া, লক্ষ্মীপুর ও ইব্রাহীমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সদরের অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়। একই সময় পাঁচটি মশারি জাল ও পাঁচটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতে এক জেলেকে তিন মাসের কারাদণ্ড, তিনজনকে ২১ দিন করে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা, একজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলেদের একজন ক্যান্সারের রোগী হওয়ায় তাঁকে ৫০০ টাকা জরিমানা এবং ১০ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। বাকি ছয়জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন

×