ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চৌদ্দগ্রামে মাদ্রাসা শিক্ষক লাঞ্ছিতের ঘটনা তদন্তে কমিটি

চৌদ্দগ্রামে মাদ্রাসা শিক্ষক লাঞ্ছিতের ঘটনা তদন্তে কমিটি
×

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ০৪:০৪

চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক জাহাঙ্গীর হোসেনের হাতে একই মাদ্রাসার বাংলা শিক্ষক খাইরুল ইসলামকে লাঞ্ছিতের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটির প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন। 

এতে সদস্য হিসেবে আছেন- চৌদ্দগ্রাম উপজেলা সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ও মাদ্রাসার এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মোঃ মোখলেছুর রহমান। কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শুক্রবার রাতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল আমিন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এর আগে গত বুধবার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক জাহাঙ্গীর হোসেনের হাতে একই মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক মো. খাইরুল ইসলাম লাঞ্ছিত হন। গত দুই দিনে এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। এ নিয়ে ঘটনার প্রতিবাদ জানিয়ে বেসরকারি শিক্ষকদের একাধিক সংগঠন জড়িত শিক্ষকের শাস্তি দাবি জানানোর পরই শুক্রবার ছুটির দিনে উপজেলা প্রশাসন থেকে তদন্ত কমিটি গঠনের কথা গণমাধ্যমে জানানো হয়। 

ভুক্তভোগী শিক্ষক খাইরুল ইসলাম বলেন, ‘অফিসের কাজ করা নিয়ে জাহাঙ্গীর হোসেন আমাকে বিনা অপরাধে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে আমাকে লাঞ্ছিত করে। এখন শিক্ষার্থীদের সামনে কীভাবে পাঠদান করবো। এ ঘটনায় আমি মানসিকভাবে বিধ্বস্ত।’ 

এদিকে অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর হোসেনের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

কমিটির প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন রাতে সমকালকে বলেন, সাপ্তাহিক ছুটি থাকায় তদন্ত কমিটির কাজ শুরু করা যায়নি। আগামী রোববার সকাল থেকে থেকে তদন্ত কার্যক্রম শুরু হবে। 

তিনি বলেন, এ ঘটনায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহ আলম এরই মধ্যে অভিযুক্ত ওই জাহাঙ্গীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ করেছেন এবং ঘটনা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে শ্রেণি কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×