ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিলেটে প্রবাসী কল্যাণমন্ত্রী

মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার খুলবে ঈদের পর

মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার খুলবে ঈদের পর
×

আরিফুল হক চৌধুরী

 সিলেট ব্যুরো

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ০৮:১২

| প্রিন্ট সংস্করণ

মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার ঈদের পর খুলবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি গতকাল শুক্রবার সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৫ এর সেমিনার শেষে সাংবাদিকদের কাছে এ প্রত্যাশার কথা বলেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার খোলার জন্য আমি কাজ করছি। জাপান, কোরিয়াসহ বিভিন্ন দেশে নতুন নতুন শ্রমবাজার খোলার ব্যাপারে গুরুত্ব সহকারে কাজ করা হচ্ছে।
মন্ত্রী দেশের বন্ধ কল-কারখানা খুলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সিলেটের বিভিন্ন প্রকল্প নিয়েও কথা বলেন। তিনি জানান, সিলেটের কোম্পানীগঞ্জে প্রায় ৪০০ কোটি ব্যয়ে নির্মিত হাইটেক পার্ককে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে ইনস্টিটিউটের অধ্যক্ষ রিহান উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে আরিফুল হক চৌধুরী প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় তিনি পলিটেকনিকের পড়াশোনার মান বৃদ্ধি এবং দ্রুত অবকাঠামোগত উন্নয়নের জন্য নির্দেশনা দেন। পলিটেকনিক ও ভোকেশনাল থেকে মানসম্পন্ন শিক্ষা গ্রহণের পর যেন বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে শিক্ষার্থীরা কাজ করতে পারেন, সে ব্যাপারে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানান মন্ত্রী।

সেমিনারে শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান, বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ 
সিদ্দিকী বক্তব্য দেন। সেমিনারে সিলেট বিভাগের চার জেলা থেকে মোট ৪২টি স্টলে নিজেদের উদ্ভাবনী প্রকল্প তুলে ধরেন শিক্ষার্থীরা।
এদিকে একই দিন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে দুই শতাধিক অসহায়, দুস্থ ও জুলাই যোদ্ধাসহ পিছিয়ে পড়া মানুষের হাতে এই সহায়তার চেক তুলে দেওয়া হয়।

জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস ও প্রশাসনিক কর্মকর্তা কামারুজ্জামান মাসুমের যৌথ পরিচালনায় বক্তব্য দেন জেলা প্রশাসক সরওয়ার আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী প্রমুখ। এ ছাড়া মন্ত্রী রেডক্রিসেন্ট নার্সিং কলেজ আয়োজিত ফুট ফেয়ারে প্রধান অতিথি হিসেবে 
যোগ দেন।

আরও পড়ুন

×