পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রী
লক্ষ্মীপুরের চার লেন সড়কের কাজ ২০২৯ সালে শেষ হবে
লক্ষ্মীপুরে নির্মাণাধীন চার লেন সড়কের কাজ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি। শনিবার সকালে সদর উপজেলার বটতলী এলাকায়। ছবি: সমকাল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ | ১৭:৩৭ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ | ১৭:৩৭
লক্ষ্মীপুরে নির্মাণাধীন চার লেন সড়কের কাজ ২০২৯ সালে শেষ হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি। শনিবার সকালে সদর উপজেলার বটতলী এলাকায় চার লেন প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার চন্দ্রগঞ্জ থেকে বাস টার্মিনাল পর্যন্ত ১৮ কিলোমিটার সড়কটি নির্মাণ করা হচ্ছে। ৬০ ফুট চওয়া চার লেনের এই সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩৫০ কোটি টাকা। ‘তাহের ব্রাদার্স’ ও ‘এম এইচ রহমান’ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সড়কটিকে অত্যন্ত ব্যস্ততম ও জনগুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। এতে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
তিনি আরও বলেন, এই চার লেন সড়কটি ছিল জনগণের দীর্ঘদিনের দাবি। নানা কারণে প্রকল্পটির কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে এখন কাজ চলছে। সড়কটি কুব ব্যস্ত হওয়ায় ভবিষ্যতে ছয় লেনে উন্নীত করা গেলে আরও কার্যকর হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। পাশাপাশি তিনি সড়কের নির্মাণকাজের গুণগত মান ঠিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, উপবিভাগীয় প্রকৌশলী মোশাররফ হোসেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরর সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
- বিষয় :
- লক্ষ্মীপুর
- সড়ক নির্মাণ
- মন্ত্রী
