বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা
ময়মনসিংহের তারাকান্দা থানায় রোববার পুলিশ সদস্যদের প্রস্তুতি। ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ১৮:৩৩
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা সদরে বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তারাকান্দা বাসস্ট্যান্ড ও আশপাশ এলাকায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, দলীয় কোন্দলের জেরে রোববার একই সময়ে একই স্থানে বিক্ষোভ মিছিলের ডাক দেয় বিএনপির দুটি পক্ষ। এতে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ১৪৪ ধারা জারির আদেশ দেন।
আদেশে উল্লেখিত সময়ের মধ্যে নির্ধারিত এলাকায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। মাইক বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না, পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে অবস্থান বা চলাফেরা করতে পারবেন না। এছাড়া আগ্নেয়াস্ত্র, দা, হাসুয়া ও লাঠিসোঁটা বহন সম্পূর্ণ নিষিদ্ধ।
আদেশে আরও বলা হয়েছে, সরকারি দায়িত্ব পালনে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তবে সাধারণ কেউ এই আদেশ অমান্য করলে দণ্ডবিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ জানান, দুই পক্ষের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এবং রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) রাকিবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তারাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম জানান, জননিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদেশ কার্যকর করতে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মাঠে ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে।
- বিষয় :
- ময়মনসিংহ
- তারাকান্দা
- ১৪৪ ধারা জারি
