ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কালবৈশাখীর তাণ্ডবে আমবাগান বিধ্বস্ত

১৫ ঘণ্টা বিদ্যুৎহীন শিবগঞ্জ

কালবৈশাখীর তাণ্ডবে আমবাগান বিধ্বস্ত
×

শিবগঞ্জ পৌর এলাকার ভাঙা ব্রিজ মোড়ে ঝরে বিধ্বস্ত ঘর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ২০:২৮

চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে আমবাগানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে শিবগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে তিনটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। 

শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আকস্মিকভাবে শুরু হওয়া ঝড় প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়। ঝড়ের সঙ্গে বজ্রপাত ও ভারী বৃষ্টিতে জেলার পাঁচটি উপজেলাতেই ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমবাগান। বিপুল পরিমাণ আম ঝরে পড়েছে। ঝড়ের কারণে জেলার বিভিন্ন এলাকায় আট থেকে ১৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। শিবগঞ্জের খাইরুল মোড়ে গাছ পড়ে তিনটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায়।

শিবগঞ্জের জালমাছমারী গ্রামের আমচাষি আ. মান্নান বলেন, ‘মাত্র কয়েক মিনিটের ঝড়েই আমার বাগানের প্রায় ৩০ শতাংশ আম ঝরে গেছে।’ চককীত্তি গ্রামের জাহাঙ্গীর আলম জানান, এবার ফলন ভালো হলেও পরপর ঝড় ও শিলাবৃষ্টিতে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে। আজমতপুর গ্রামের মজিবুর রহমান বলেন, ‘শিলাবৃষ্টির ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবার ঝড় আঘাত হানায় চরম হতাশায় পড়েছি।’

ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে গাছ উপড়ে পড়েছে, টিনের ঘর ভেঙে গেছে, লিচুসহ অন্যান্য ফসলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। তালিকা করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইয়াছিন আলী জানান, জেলায় গড় বৃষ্টিপাত হয়েছে ১৭ দশমিক ৪ মিলিমিটার। শিবগঞ্জে প্রায় চার হাজার ৯০০ হেক্টর আমবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কলা, ভুট্টা ও বোরো ধানেরও ক্ষতি হয়েছে।


 

আরও পড়ুন

×