ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখা সেই ভূমি কর্মকর্তাকে বদলি

সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখা সেই ভূমি কর্মকর্তাকে বদলি
×

ছবি-সংগৃহীত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ | ২২:৩৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিন সাংবাদিককে ভূমি অফিসে তালাবদ্ধ করে রাখার অভিযোগে মো. সামসুদ্দোহা নামের এক উপসহকারী ভূমি কর্মকর্তাকে (নায়েব) বদলি করা হয়েছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার। 

জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে ভূমিসংক্রান্ত খারিজের কাজে ঘুষ চাওয়ার অভিযোগ সম্পর্কে তথ্য নিতে সদর ভূমি অফিসে যান তিন সাংবাদিক— বাংলা টিভির নবীনগর প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, গ্রিন টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল এবং বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি মো. অলিউল্লাহ। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে উপসহকারী ভূমি কর্মকর্তা শামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান তাদের সঙ্গে অসদাচরণ করেন এবং অফিস কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রেখে চলে যান। এ সময় সেবা নিতে আসা কয়েকজন সাধারণ মানুষও ভেতরে আটকা পড়েন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের হস্তক্ষেপে সাংবাদিকরা সেখান থেকে মুক্ত হন।  

বদলির বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সামসুদ্দোহা বলেন, ‘সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কোথায় দায়িত্ব দেওয়া হবে, সেখানেই যেতে হবে।’ এ সময় সাংবাদিকদের তালাবদ্ধ রাখার অভিযোগ নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার সমকালকে জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তসাপেক্ষে সামসুদ্দোহাকে নাসিরনগর উপজেলার গোয়ালনগর নামক স্থানে শাস্তিমূলক বদলি হিসেবে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে।

আরও পড়ুন

×