হাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী
গত দেড় বছর জনস্বাস্থ্যের দিকে নজর দিলে আজ এ অবস্থা হতো না
সিলেটে হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
সিলেট ব্যুরো
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ১৩:৩০ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ | ১৪:১৬
বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গত দেড় দুই বছর হামসহ জনস্বাস্থ্যের দিকে নজর দিলে আজ এ অবস্থা হতো না। আমরা দায়িত্ব গ্রহণের পর প্রতিশ্রুতি অনুযায়ী জনস্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে কাজ শুরু করেছি। প্রধানমন্ত্রী নিজে কাজের তদারকি করছেন। তিনি আজ সোমবার সকালে সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার জনস্বাস্থ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। টিকাদান কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হলে অচিরেই দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। সরকারের অনুমোদন সাপেক্ষে সিলেটে শিগগিরই ২৫০ শয্যার হাসপাতাল চালু করার কথা জানান তিনি।
সিলেটের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সবার মুখে একটি কথা প্রায়ই শুনি যে, আমরা বৈষম্যের শিকার। আগামীতে এই বৈষম্য শব্দটা শুনতে হবে না। তিনি দাবি করেন, সিলেট অঞ্চল দেশের বিভিন্ন অঞ্চলের তুলনায় পিছিয়ে। আগামী পাঁচ বছরের মধ্যে সকল বৈষম্য দূর করে এগিয়ে যাবে সিলেট।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করছেন। ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় এবং ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কার্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীম। স্বাগত বক্তব্য দেন সিটি করপেরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বিশ্বস্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ডা. সুফি মো. খালিদ বিন লুৎফুর, ইউনিসেফের সিলেট ফিল্ড অফিসের প্রধান মির্জা ফজলে এলাহী।
