গাবতলীর মঞ্চে আলোচনার কেন্দ্রে জুবাইদা রহমান
তারেক রহমানের পাশে নীরব উপস্থিতি ঘিরে বাড়তি কৌতূহল
মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে জোবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক, উত্তরাঞ্চল
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ১৫:২২ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ | ১৬:৩৪
বগুড়ার গাবতলী উপজেলায় আজ সোমবারের একাধিক কর্মসূচিতে উন্নয়ন ও সামাজিক সুরক্ষার ঘোষণা যেমন ছিল, তেমনি আলাদা করে নজর কেড়েছে আরেকটি দৃশ্য। কর্মসূচির প্রায় প্রতিটি মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে দেখা গেছে তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে।
জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল থেকে শুরু করে ফ্যামিলি কার্ড উদ্বোধন, টিকাদান ক্যাম্পেইন এবং বিভিন্ন মতবিনিময় অনুষ্ঠানে তাঁকে স্বামীর পাশে বসে থাকতে দেখা যায়। কখনও অতিথিদের সঙ্গে ইশারায় কথা বলা, কখনও উপস্থিত মানুষের প্রতিক্রিয়ায় সাড়া দেওয়া সব মিলিয়ে তাঁর উপস্থিতি আলাদা আগ্রহ তৈরি করে।
স্থানীয়দের অনেকে বলছেন, নিজের শ্বশুরবাড়ির এলাকায় এমন কর্মসূচিতে জুবাইদা রহমানের উপস্থিতি অনেকের কাছেই আবেগের বিষয় হয়ে দাঁড়ায়। বিভিন্ন অনুষ্ঠানে সাধারণ মানুষ তাঁকে কাছ থেকে দেখে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে থাকেন। কেউ কেউ দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
একটি ভিডিওতে দেখা যায়, জাতীয় ও দলীয় কর্মসূচির অংশ হিসেবে সংগীত পরিবেশনের সময় তিনি স্বামীর পাশে দাঁড়িয়ে নিজেও ঠোট মিলিয়ে গাইছেন ও হাততালি দিচ্ছেন। সেই মুহূর্তটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোচনার জন্ম দেয়।

দিনভর একের পর এক কর্মসূচির ভিড়ে এই উপস্থিতি আলাদা করে নজরে এলেও প্রশাসনিক মহল বলছে- সফরের মূল লক্ষ্য ছিল উন্নয়ন প্রকল্প, স্বাস্থ্যসেবা কার্যক্রম ও সামাজিক সুরক্ষা কর্মসূচির উদ্বোধন।
তবে জনসমাগম ও পারিবারিক উপস্থিতির এই মিশ্র দৃশ্য স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তারা মন ভরে দেখছেন তাদের পুত্রবধূকে।
- বিষয় :
- জোবাইদা রহমান
- তারেক রহমান
