বেদে সম্প্রদায়ের চার সফল ব্যক্তিকে সম্মাননা
লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেদে সম্প্রদায়ের চার সফল ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। ছবি : সমকাল
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ১৭:৫২
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বৈরী পরিবেশে সফল হওয়া বেদে সম্প্রদায়ের চার ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সমাজসেবা অফিসের ব্যবস্থাপনায় ইউএনওর কার্যালয়ে চারজনকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু তাঁদের হাতে সম্মাননা তুলে দেন।
সম্মাননাপ্রাপ্ত চারজন হলেন মাওলানা মো. সেলিম মাহমুদ, মাওলানা মো. শাহজালাল আমিন, মো. আবাবিল ও মো. আরাফাতউল্লাহ। তাদের মধ্যে মাদ্রাসায় পড়াশোনা করা মাওলানা মো. সেলিম মাহমুদ বর্তমানে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ফুলকুচি কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার, মাওলানা মো. শাহজালাল আমিন পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলার টঙ্গীবাড়ি মাদ্রাসার সহকারী শিক্ষক, মো. আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মো. আরাফাতউল্লাহ সরকারি লৌহজং কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্স করেছেন।
সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সী।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা উজ্জল মুন্সী জানান, সম্মাননাপ্রাপ্তদের মধ্যে সেলিম মাহমুদ ছাড়া বাকি তিনজন ২০১৮ সাল থেকে উপজেলা সমাজসেবা অফিস থেকে ভাতা কার্যক্রমের আওতায় শিক্ষা উপবৃত্তি পেয়েছেন। প্রতি তিন মাস অন্তর প্রত্যেকে এক হাজার ৩০০ টাকা করে পেয়েছেন তারা। তাদের পাশে থাকতে এবং সম্মাননা জানাতে পেরে ভালো লাগছে।
ইউএনও ফারজানা ববি মিতু বলেন, উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকা বেদে সম্প্রদায় অধ্যুষিত। এলাকাটি জেলার মাদকের 'হটস্পট' হিসেবে পরিচিত। প্রতিনিয়ত সেখানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে। অনেককে শাস্তির আওতায় আনা হচ্ছে, কিন্তু মাদক নির্মূল করাটা এখনো চ্যালেঞ্জিং। বেদেপল্লির অনেক বাসিন্দা মাদক বেচাকেনা ও সেবনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।
ইউএনও বলেন, এমন একটি বৈরী পরিবেশে বেদে পরিবারের তিনজন পড়াশোনা করে কর্মজীবনে প্রবেশ করেছেন এবং একজন ইংরেজিতে অনার্স সম্পন্ন করে নিজ সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছেন। তাঁদের অসামান্য কৃতিত্বের জন্য সম্মাননা জানানো হলো।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- লৌহজং
