ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

নাকুগাঁও সীমান্ত দিয়ে এলো যুবকের লাশ

নাকুগাঁও সীমান্ত দিয়ে এলো যুবকের লাশ
×

নালিতাবাড়ীর নাকুগাঁও সীমান্ত দিয়ে মঙ্গলবার বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করে বিএসএফ। ছবি : সমকাল

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ২০:৪৪

ভারতে কারাভোগের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। মঙ্গলবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে লাশটি হস্তান্তর করা হয়। মৃত শিপন হাওলাদার বরগুনা সদরের সবেজ হাওলাদারের ছেলে।

পুলিশ ও বিজিবি জানায়, প্রায় ১৯ মাস আগে শিপন হাওলাদার ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হলে তাকে সেখানকার পুলিশের কাছে সোপর্দ করা হয়। এরপর ভারতীয় আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠায়।

আগামী ২৮ এপ্রিল তার কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু গত ১৬ এপ্রিল শিপন অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে দুই দেশের আইনী প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুর ১টার দিকে শিপনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

লাশ হস্তান্তরকালে বিএসএফের পক্ষে ঢালু কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর কিমা রায়, বিজিবির পক্ষে হাতিপাগার সুবেদার ফুল মিয়া সরকার, নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, লাশ বুঝে পাওয়ার পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আরও পড়ুন

×