২০ টাকা বাকি নিয়ে তর্কে তিনজনকে কুপিয়ে জখম
ফাইল ছবি
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ০১:৪২
বন্ধুকে সঙ্গে নিয়ে এক দোকানে ধূমপান করেন সাব্বির নামে এক যুবক। সাব্বিরের বন্ধু যখন সিগারেটের বিল দিচ্ছিলেন তখন দোকানি বলেছিলেন, আগের দিনেরটাসহ ৪০ টাকা হয়েছে। দোকানি আগের দিনের ২০ টাকা চেয়ে কেন তাঁকে বন্ধুর সামনে ছোট করলেন, এ নিয়ে তর্কাতর্কির ঘণ্টাখানেক পর দলবল নিয়ে ওই দোকানে হামলা চালান সাব্বির। দোকানদার আবু সায়েম কাউসার মজনুকে কুপিয়ে জখম করেন। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর মা ও স্ত্রী।
ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে গত সোমবার এই ঘটনা ঘটে।
জানা গেছে, ত্রিশাল সদর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের বড় মসজিদ মোড় এলাকায় মনিহারি দোকানের ব্যবসা করেন স্থানীয় আব্দুর রাজ্জাক সিকদারের ছেলে আবু সায়েম কাউসার মজনু। সোমবার বিকেলে একই এলাকার সায়ো মণ্ডলের ছেলে সাব্বির আহমেদ তাঁর এক বন্ধুকে সঙ্গে নিয়ে মজনুর দোকানে গিয়ে ধূমপান করেন। পরে সাব্বিরের বন্ধু যখন বিল দিচ্ছিলেন তখন দোকানদার মজনু বলেছিলেন, আগের দিনের ২০ টাকাসহ ৪০ টাকা হয়েছে।
দোকানদার আগের দিনের ২০ টাকা কেন চাইলেন, বন্ধুর সামনে কেন তাঁকে ছোট করলেন, এনিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এর ঘণ্টাখানেক পর দলবল নিয়ে ওই দোকানে হামলা চালান সাব্বির। ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেন দোকানদার আবু সায়েম কাউসার মজনুকে। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর মা জরিনা খাতুন ও স্ত্রী শ্যামলী আক্তার। হামলাকারীরা ভাঙচুর করেন ফ্রিজসহ দোকানের আসবাব।
তাদের চিৎকারে আশপাশে লোকজন এগিয়ে গেলে ঘটনাস্থল ত্যাগ করেন হামলাকারীরা। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। পরে রাতেই সাতজনের নাম উল্লেখ করে ত্রিশাল থানায় মামলা করেন মজনুর বাবা আব্দুর রাজ্জাক সিকদার। গতকাল মঙ্গলবার সিথিল মণ্ডল নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ভ্যানচালক আকরাম হোসেন জানান, ১০-১৫ যুবক দা দিয়ে কুপিয়ে দোকানদার মজনুকে জখম করে এবং দোকানপাট ভাঙচুর করে। তিনি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বলে তাঁকেও হুমকি দিয়েছে হামলাকারীরা। আহতদের সেবা দিতে গিয়ে, তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ বলেন, দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে আসামি সিথিল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
- বিষয় :
- কুপিয়ে জখম
- ময়মনসিংহ
- ত্রিশাল
