শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন
ছবি: সমকাল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ১৯:৫৩
সিরাজগঞ্জের ‘শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ রাখা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি মেডিকেল কলেজগুলোর নাম পুনর্নির্ধারণ ও সহজীকরণের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে। ফলে এখন থেকে প্রতিষ্ঠানটি নতুন নামেই সকল কার্যক্রম পরিচালনা করবে।
২০১৪ সালে সিরাজগঞ্জের শিয়ালকোল এলাকায় প্রায় ৩০ দশমিক ৯০ একর জমির ওপর ৮৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে কলেজটির নির্মাণকাজ শুরু হয়। পরে ২০২১ সালের আগস্টে এখানে চিকিৎসাসেবা কার্যক্রম চালু হয়। বর্তমানে মেডিকেল কলেজ ও হাসপাতালে ২০টি বিভাগ, ১৫টি ওয়ার্ড, ১৫টি অপারেশন থিয়েটার এবং ৩৮ শয্যার সিসিইউ ইউনিট রয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান জানান, মেডিকেল কলেজ ও হাসপাতাল দুটি পৃথক অধিদপ্তরের আওতায় পরিচালিত হয়। একটি শিক্ষা এবং অন্যটি পরিষেবা খাতের অধীন। তিনি বলেন, ‘কলেজের নাম পরিবর্তন করা হলেও হাসপাতালের নাম এখনও পরিবর্তন হয়নি। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুতই হাসপাতালের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি হবে।’
