পঞ্চগড় সীমান্তে ২ কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ছবি: সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ২৩:৪১ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ | ২৩:৪৫
পঞ্চগড়ে দুই কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। আজ বুধবার সকালে উপজেলা সদরের গড়িনাবাড়ী ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্তের মেইন পিলার ৪১৭-এর ৯ নম্বর সাব-পিলার এলাকা থেকে তাদের ধরে নেওয়া হয়।
বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের নিয়ে যায়। এ ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় বিজিবি।
স্থানীয়রা জানায়, আটোয়ারী এলাকার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪) মিস্ত্রিপাড়া সীমান্ত এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। আজ বেলা ১১টার দিকে ওই সীমান্তে ভারতীয় অংশের কাছে গেলে বিএসএফের মরিচা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিএসএফকে অবগত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের মিস্ত্রিপাড়া ক্যাম্পের সদস্যরা। ধরে নিয়ে যাওয়া দুই কিশোরকে ফেরাতে ওই সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কথা রয়েছে বলে সীমান্ত সূত্রে জানা গেছে।
গরিনাবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপু বলেন, দুই কিশোরই সীমান্তে ঘুরতে যায় এবং মোবাইল ফোনে ছবি তুলছিল। পরে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায় বলে জানতে পেরেছি। তাদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা বিজিবিকে জানানো হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
- বিষয় :
- পঞ্চগড়
- সীমান্তে হত্যা
