ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘কন্যা সাহসিকতা’ সম্মাননা পেল এসএসসি পরীক্ষার্থী

‘কন্যা সাহসিকতা’ সম্মাননা পেল  এসএসসি পরীক্ষার্থী
×

নিজের বাল্যবিয়ে ঠেকাতে থানায় আশ্রয় নিয়ে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ এসএসসি পরীক্ষার্থী তাহমিনা আক্তারকে সম্মাননা প্রদান করছেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ সমকাল

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ০৮:১১

| প্রিন্ট সংস্করণ

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বাল্যবিয়ের বিরুদ্ধে সাহসিকতার নজির স্থাপন করায় তহমিনা আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ‘কন্যা সাহসিকতা’ সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল বুধবার পিরোজপুর জেলা প্রশাসক আবু সাইদ তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তহমিনা আক্তারের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

তহমিনা জিয়ানগর উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের আলম  হাওলাদারের মেয়ে। সে জিয়ানগর সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষার্থী।
জানা যায়, সম্প্রতি তহমিনার বাবা-মা তার মতামতের বিরুদ্ধে বিয়ের আয়োজন করলে সে তাতে দৃঢ়ভাবে আপত্তি জানায়। পরিবারের চাপ সহ্য করতে না পেরে অবশেষে গত ১৮ এপ্রিল সে জিয়ানগর থানায় আশ্রয় নেয়। বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির হস্তক্ষেপে তার বাল্যবিয়ের কার্যক্রম তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। পাশাপাশি তহমিনার বাবা-মায়ের কাছ থেকে এ ধরনের কাজ পুনরায় না করার বিষয়ে মুচলেকা নেওয়া হয়। তহমিনা আক্তারের এই সাহসী উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে তহমিনাকে সনদপত্র এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদানও দেওয়া হয়। এ সময় তহমিনার মা-বাবা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, যা নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সবাইকে কঠোর অবস্থান গ্রহণের অনুরোধ জানান।

আরও পড়ুন

×