ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বরিশালে সিটি টোলের নামে যানবাহন থেকে চাঁদা আদায়

বরিশালে সিটি টোলের নামে যানবাহন থেকে চাঁদা আদায়
×

বরিশাল ব্যুরো 

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ০৮:১৩

| প্রিন্ট সংস্করণ

বরিশাল মহানগরীর রূপাতলী বাস টার্মিনাল-সংলগ্ন সড়ক থেকে সিটি টোলের নামে যানবাহন থেকে চাঁদা তোলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে চাঁদা তোলার সময় পুলিশ দুজনকে আটক করার পর রহস্যজনক কারণে ছেড়ে দিয়েছে। 

বরিশাল মহানগরীর দক্ষিণ-পশ্চিমাংশে রূপাতলী বাস টার্মিনাল থেকে বিভাগের অপর ৪ জেলা রুটের বাস চলাচল করে। ঢাকা, খুলনাসহ দেশের যে কোনো জেলা থেকে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় যাতায়াত করতে রূপাতলী বাস টার্মিনাল 

এলাকা অতিক্রম করতে হয়। এ ছাড়া বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা থেকে ঢাকা রুটের বাসও রূপাতলী বাস টির্মিনাল এলাকা দিয়ে যাতায়াত করে। 
পরিবহন-সংশ্লিষ্টদের অভিযোগ, রূপাতলী বাস টার্মিনাল-সংলগ্ন সড়ক থেকে কুয়াকাটাসহ দূরপাল্লার অন্যান্য রুটের যাত্রীবাহী বাস থেকে সিটি টোলের নামে ৫০ থেকে ১০০ টাকা নেওয়া হয়। টার্মিনালের গোলচত্বর অতিক্রম করার সময় কয়েক যুবক চালকদের কাছ থেকে টাকা নেয়। বৈশাখের শুরুতে নতুন ইজারাদার টার্মিনালের দায়িত্ব নেওয়ার পর এ চাঁদা আদায় শুরু হয়।
যাত্রীবাহী বাস সার্ভিস নিউ অন্তর ক্লাসিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ চৌধুরী গতকাল বুধবার কোতোয়ালি মডেল থানায় চাঁদাবাজির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, সম্প্রতি রূপাতলী গোলচত্বরের ভাসানী সড়কের সামনে সিটি করপোরেশনের ইজারার নামে ২০ থেকে ২৫ জন লোক গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তুলছে। চাঁদা দিতে অস্বীকার করলে চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।  

রূপাতলী বাস মালিক সমিতির দপ্তর সম্পাদক ইউসুফ হোসেন গাজী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সড়কে কোনো চাঁদাবাজি চলবে না। কিন্তু রূপাতলী বাস টার্মিনাল এলাকায় বাস থামিয়ে চাঁদা নেওয়া হয়। চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে পুলিশ দুজনকে আটক করে। এ সময় অন্যেরা পালিয়ে যায়। 
জানা গেছে, হাসান ও সোহাগ নামে দুজনকে পুলিশ আটক করেছিল। থানায় নেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়। 
আটকদের থানা থেকে ছাড়িয়ে নিতে সিটি করপোরেশনের বাজার পরিদর্শক রেজাউল করীম থানায় একটি প্রত্যয়নপত্র দেন। এতে বলা হয়, হাসান ও সোহাগ ইজারাদারের লোক। তাদের অপরাধ হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হোক। 

রেজাউল প্রত্যয়নপত্র দেওয়ার কথা স্বীকার করে বলেন, আটক দুজনের বিষয়ে পুলিশ একটি প্রত্যয়নপত্র চেয়েছে, তাই দিয়েছি। 
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুনুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে তারা অনেককে গ্রেপ্তার করেছেন। রূপাতলীর দুজনকে কী কারণে আটক কিংবা ছেড়ে দেওয়া হয়েছে; কাগজপত্র না দেখে বলতে পারবেন না।
অভিযোগ প্রসঙ্গে রূপাতলী বাস টার্মিনালের ইজারাদার আরিফুর রহমান মুন্না বলেন, ইজারা পেয়ে ১ বৈশাখ থেকে তারা রূপাতলী বাস টার্মিনালে টোল আদায় করছেন। তবে সড়কের ওপর টোল নেওয়ার সঙ্গে তাঁর কোনো কর্মচারী জড়িত নয়।  
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, চলতি বৈশাখে রূপাতলী বাস টার্মিনাল এক বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে। কিন্তু বাস টার্মিনালের বাইরে সড়ক থেকে চাঁদা তোলার কোনো অনুমতি দেওয়া হয়নি। সিটি টোলের নামে চাঁদা আদায়ে আমরা কাউকে সড়ক ইজারা দিইনি। 

আরও পড়ুন

×