ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৩৩ জনের হাম শনাক্ত
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১৭:৪১
ফরিদপুর জেলায় হামের প্রাদুর্ভাব এখনো নিয়ন্ত্রণে আসেনি। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৩ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে এই সময়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ এপ্রিল পর্যন্ত জেলায় মোট ৫১৪ জন হামের রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৬ জন।
উপজেলাভিত্তিক হিসাবে ফরিদপুর সদরে সর্বোচ্চ ২০ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া বোয়ালমারীতে ১২ জন, আলফাডাঙ্গায় ১০ জন, ভাঙ্গায় ৮ জন, সদরপুরে ৭ জন, চরভদ্রাসনে ৪ জন, মধুখালীতে ৩ জন এবং নগরকান্দায় ২ জন আক্রান্ত হয়েছেন।
হাসপাতাল সূত্র থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ের মধ্যে ৩০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। জ্বর, ফুসকুড়ি বা সংশ্লিষ্ট উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির সরদার বলেন, ২০ দিনব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে এবং এ উপজেলায় ২৪ হাজার ডোজ টিকার চাহিদা দেওয়া হয়েছে। ইতোমধ্যে টিকা সরবরাহ শুরু হয়েছে এবং কোনো সংকট নেই। টিকাদান কার্যক্রম চালু হওয়ায় সেখানে রোগীর সংখ্যাও কমতে শুরু করেছে।
সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, জেলায় তিন সপ্তাহব্যাপী টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। দুই লক্ষাধিক টিকার চাহিদা জানানো হয়েছে এবং পর্যায়ক্রমে সরবরাহ দেওয়া হচ্ছে। দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
