অনাথ ও বৃদ্ধদের পাশে থাকার অঙ্গীকার এমপি আবু সাইদ চাঁদের
সংগৃহীত
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১৮:৪৯
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, অনাথ শিশু ও বৃদ্ধরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। নানা কারণে অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে বসবাস করলেও তারা আমাদের পরিবারেরই সদস্য। তিনি বলেন, তাদের কল্যাণে সরকারের সহায়তায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বাঘা উপজেলার সরেরহাট এলাকায় কল্যাণী শিশু সদন ও মমতাজ-আজিজ বৃদ্ধা নিকেতনের জন্য খাবার ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি সবাইকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামছুল আলম বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশু এবং বয়োবৃদ্ধদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে ২০২৪ সালে একটি তিনতলা ভবন নির্মাণ করা হয়েছে। প্রতিটি তলায় ওয়াশরুম ও নামাজের পৃথক ব্যবস্থা রয়েছে। এ ছাড়া একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে প্রতি সপ্তাহে দুই দিন এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দীন আহমেদ শামীম। বক্তব্য দেন গড়গড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ করিম টিপু। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সামশুদ্দিন সমেশ ডাক্তারের সহধর্মিণী মেহেরুন্নেছা, বিএনপি নেতা মুখলেছুর রহমান, সুরুজ্জামান সুরুজ, জালাল উদ্দীন, শফিকুল ইসলাম, আব্দুল লতিব, আফাজ উদ্দীন, আসলাম আলী, আব্দুল কুদ্দুস, শামসুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জানা গেছে, প্রতিষ্ঠানের প্রয়াত প্রতিষ্ঠাতা সামশুদ্দিন সমেশ ডাক্তার নানা প্রতিকূলতা সত্ত্বেও এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। বর্তমানে এখানে ১০৭ জন এতিম ও সুবিধাবঞ্চিত শিশু এবং ২৬ জন বয়োবৃদ্ধ আশ্রয় পাচ্ছেন।
