ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফুয়েল কার্ড নিয়ে তর্ক

ইউএনওর বিরুদ্ধে বাইকারকে চড়-থাপ্পড়ের অভিযোগ

ইউএনওর বিরুদ্ধে বাইকারকে চড়-থাপ্পড়ের অভিযোগ
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ২০:২৯ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ২০:৩৬

লালমনিরহাটের কালীগঞ্জে ফুয়েল কার্ডের ছবির সঙ্গে মিল না থাকায় এক তরুণ বাইকারকে চড়-থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আক্তার জাহানের বিরুদ্ধে। গত শনিবার বিকেলে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট বাজারের একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও রোববার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া প্রায় চার মিনিট দুই সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ইউএনও সংশ্লিষ্ট তরুণের ফুয়েল কার্ড যাচাই-বাছাই শেষে তাঁর টি-শার্টের কলার ধরে চড়-থাপ্পড় দিচ্ছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও।

জানা যায়, জ্বালানি তেল নিতে আসা গ্রাহকের ভিড় ও শৃঙ্খলা বজায় রাখতে গত কয়েকদিন ধরে ইউএনও শামীম আক্তার জাহান নিজেই বিভিন্ন পাম্পে তদারকি করছিলেন। এক হাতে লাঠি ও অন্য হাতে হ্যান্ডমাইক নিয়ে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছিলেন। এরই মধ্যে শনিবার ওই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাপারহাট কলেজের সহকারী অধ্যাপক গোলক চন্দ্র অসুস্থ থাকায় তাঁর পক্ষে তেল নিতে আসেন মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী নদী (১৮)। ইউএনও তাঁর হাতে থাকা ফুয়েল কার্ড যাচাই করতে গিয়ে ছবির সঙ্গে চেহারার অমিল দেখতে পান। এ সময় উত্তেজিত হয়ে তিনি ওই কিশোরকে চড়-থাপ্পড় দেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীদের দাবি, আকস্মিক এ ঘটনায় পাম্পে থাকা অন্য গ্রাহকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে যাচাই-বাছাই শেষে ওই তরুণকে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগ প্রসঙ্গে ইউএনও শামীম আক্তার জাহান বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। শুধু নিয়মভঙ্গের কারণে তাঁর মোটরসাইকেলের চাবি নিয়েছি এবং জরিমানা করা হয়েছে।’

আরও পড়ুন

×