ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাংবাদিকদের নিয়ে ‘বিরূপ’ বক্তব্য

বিএনপি নেতার বিরুদ্ধে জিডি

সাংবাদিকদের নিয়ে ‘বিরূপ’ বক্তব্য
×

সংগৃহীত

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ১৭:০৭

চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার বিরুদ্ধে সাংবাদিকদের নিয়ে প্রকাশ্যে কুরুচিপূর্ণ ও বিরূপ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীরা বৃহস্পতিবার রাতে চরফ্যাসন প্রেস ক্লাবে প্রতিবাদ সভা করেন। পরে সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত ইউএনওর যোগদান উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন অভিযুক্ত নেতা। বক্তব্যের একপর্যায়ে তিনি উপজেলার সাংবাদিকদের উদ্দেশে আপত্তিকর ও অশালীন ভাষা ব্যবহার করেন। পরে সেই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। 

প্রেস ক্লাব সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ বলেন, অভিযোগের বিষয়ে লিখিতভাবে তিন দিনের সময় দিয়ে ব্যাখ্যা চাওয়া হলেও সংশ্লিষ্ট নেতা কোনো জবাব দেননি। বরং সামাজিক মাধ্যমে ফের উস্কানিমূলক মন্তব্য করেছেন। তাঁর এ ধরনের বক্তব্য সাংবাদিকতার মর্যাদা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া এমন মন্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ব্যক্তিগত বা রাজনৈতিক ক্ষোভ থেকে এ ধরনের বক্তব্য আসতে পারে, যা সামাজিক সম্প্রীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়; কিন্তু তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা বিএনপির এক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, দল কারও ব্যক্তিগত কুরুচিপূর্ণ বক্তব্যকে সমর্থন করে না।

চরফ্যাসন থানার পরিদর্শক (তদন্ত) খলিলুর রহমান বলেন, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন

×