বাসের লাগেজ বক্সে ছাগল পরিবহন, জরিমানা
কালীগঞ্জ শহরের মেইন বাস টার্মিনালে যাত্রীবাহী বাসের লাগেজ বক্স থেকে উদ্ধার ছাগল
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ১৮:১২
যাত্রীবাহী বাসের লাগেজ বক্সে অমানবিকভাবে ছাগল পরিবহনের অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জে চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
জানা যায়, কালীগঞ্জ পৌর এলাকার শিবনগর গ্রামের ছাগল ব্যবসায়ী মিলন হোসেন একটি যাত্রীবাহী বাসের লাগেজ বক্সে ১২টি ছাগল ও দুটি কার্টনে প্রায় ১০০ কেজি কাঁচা মাংস চট্টগ্রামে পাঠাচ্ছিলেন। বিষয়টি এক শিক্ষকের নজরে এলে তিনি তাৎক্ষণিক পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে প্রশাসনের একটি দল বাস টার্মিনালে অভিযান চালায়। এ সময় কালীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী একটি বাসের লাগেজ বক্স খুলে ছাগল ও মাংস উদ্ধার করা হয়।
পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিল্লু রাইন ঘটনাস্থলে গিয়ে মাংস পরীক্ষা-নিরীক্ষা করেন। তিনি জানান, মাংসগুলো খাবার উপযোগী হলেও পশু পরিবহনের ক্ষেত্রে অমানবিক আচরণ করা হয়েছে। এ ঘটনায় প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর ১৬ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছাগল ব্যবসায়ী মিলন হোসেন, বাসের চালক রবিউল ইসলাম, সুপারভাইজার নাছিম এবং হেলপার রাসেল হোসেনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক বলেন, পশু পরিবহনের নির্ধারিত নিয়ম রয়েছে। উন্মুক্ত ট্রাকে পশু বহন করার কথা থাকলেও তারা লাগেজ বক্সে করে ছাগল নিয়ে যাচ্ছিলেন, যা অমানবিক ও আইনের লঙ্ঘন। এ জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
