ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উন্নয়নকাজে ‘নয় ছয়’ মেনে নেওয়া হবে না: ডেপুটি স্পিকার

উন্নয়নকাজে ‘নয় ছয়’ মেনে নেওয়া হবে না: ডেপুটি স্পিকার
×

কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও (নাল্লাপাড়া) এলাকায় ঝুঁকিপূর্ণ আরসিসি গার্ডার ব্রিজ পরিদর্শনকালে ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সমকাল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ১৯:৫১

উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম বা ‘নয় ছয়’ মেনে নেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেছেন, ঠিকাদার কে, তা আমি দেখতে চাই না। আমি রাস্তার কাজে শতভাগ স্বচ্ছতা চাই। যারা দুর্নীতি করবেন, তারা দয়া করে এ এলাকা ছেড়ে চলে যান।

শুক্রবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও (নাল্লাপাড়া) এলাকায় ঝুঁকিপূর্ণ আরসিসি গার্ডার ব্রিজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে ডেপুটি স্পিকার বলেন, নির্বাচনী প্রচারণার সময়ই অবহেলিত এ ঝুঁকিপূর্ণ ব্রিজটি নজরে আসে। ব্রিজের নিচে কোনো মাটি নেই। যে কোনো সময় এটি ধসে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। নির্বাচিত হওয়ার পরপরই আমি এ বিষয়ে উদ্যোগ নিয়েছি।

তিনি জানান, এলজিইডির চিফ ইঞ্জিনিয়ার ও সচিব বরাবর আবেদনের প্রেক্ষিতে এখানে নতুন ব্রিজ নির্মাণের প্রকল্প অনুমোদন হয়েছে। নতুন ব্রিজ নির্মাণের আগ পর্যন্ত দুর্ঘটনা এড়াতে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে পাইপ দিয়ে অস্থায়ী সাপোর্ট দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরে তিনি বলেন, গত দুই মাসে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় প্রায় ১৮ থেকে ১৯ কোটি টাকার ৫-৬টি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে। এর মধ্যে কলমাকান্দা-নাজিরপুর সড়ক, রংছাতি মোড়-পাঁচগাঁও সড়ক, কলমাকান্দা বাজার- চত্রংপুর-রঘুরামপুর সড়ক এবং দুর্গাপুরের চায়না মোড় থেকে আত্রাইখালী ব্রিজ পর্যন্ত সড়ক উল্লেখযোগ্য।

কাজের মান নিয়ে উপজেলা প্রশাসন ও এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি কঠোর অবস্থান তুলে ধরে বলেন, নাজিরপুরে নতুন রাস্তা থেকে ইট উঠে যাচ্ছে—এটা মেনে নেওয়া যায় না। যারা জনগণের স্বার্থে কাজ করবেন, তারাই থাকবেন। যারা অনিয়ম করবেন, তাদের এখানে থাকার সুযোগ নেই।

ডেপুটি স্পিকার উন্নয়ন কাজের শতভাগ মান নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, ঠিকাদারদের পাশাপাশি সাংবাদিক ও সাধারণ জনগণকে সজাগ থেকে তদারকির আহ্বান জানান।

এ সময় জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়েহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামসহ এলজিইডির কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×