ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিরাজগঞ্জে মসজিদ কমিটি নিয়ে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া

সিরাজগঞ্জে মসজিদ কমিটি নিয়ে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া
×

মসজিদে কমিটি নিয়ে কেন্দ্র করে জুমার নামাজের সময় দু’পক্ষের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এক ব্যক্তিকে বাধা দিচ্ছেন কয়েকজন নারী। ছবি: সমকাল

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ২১:০৫ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ | ২১:০৭

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদের কমিটি করাকে কেন্দ্র করে জুমার নামাজের সময় দু’পক্ষের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গোলযোগে অংশগ্রহণ করা লোকজনকে লাঠি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র বহন করতে দেখা যায়। এতে মসজিদে মুসল্লিদের জুমার নামাজ বিঘ্নিত হয়। 

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বারইয়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বারইয়া গ্রামের বাসিন্দা ও জামায়াতে ইসলামীর উল্লাপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান অভিযোগ করেন, বারইয়া গ্রামের বাসিন্দা ও সাবেক পৌর কাউন্সিলর গোলাম আউলিয়া দীর্ঘদিন ধরে তাঁর মনোনীত লোকজন দিয়ে কমিটি গঠন করে মসজিদটি পরিচালনা করে আসছিলেন। কিন্তু ওই কাউন্সিলরের কথিত কমিটি নিয়ে অনেক দিন ধরেই গ্রামের অধিকাংশ মানুষের ক্ষোভ ছিল। এ নিয়ে অনেক দিন ধরেই গোলযোগ চলে আসছিল।

আজ শুক্রবার দুপুরে গ্রামের লোকজন জুমার নামাজ পড়তে এলে আউলিয়ার লোকজনের সঙ্গে তাদের ঝগড়া ও হাতাহাতি হয়। পরে আউলিয়া তাঁর লোকজন নিয়ে মসজিদ থেকে বের হয়ে যান। এর পর তিনি ও তাঁর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদ অঙ্গনে প্রতিপক্ষের ওপর হামলা চালান। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে মসজিদের ভেতরে থাকা মুসল্লিরা মূল গেট লাগিয়ে দেন। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বক্তব্য জানতে সাবেক পৌর কাউন্সিলর গোলাম আউলিয়ার ব্যক্তিগত নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) রূপু কর জানান, মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তিনি পুলিশের একটি টিম নিয়ে দ্রুত ওই মসজিদ চত্বরে চলে আসেন। উত্তেজনা বজায় থাকায় বর্তমানে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

×