হলের ডালে যাবিপ্রবির ৭০ ছাত্রী অসুস্থ
শিক্ষার্থীদের অসুস্থতার খোঁজখবর নেন উপাচার্য। ছবি: সমকাল
যশোর অফিস
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬ | ২১:৪১
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আবাসিক হলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৭০ ছাত্রী। বুধবার যবিপ্রবির বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলে এই ঘটনা ঘটে। তারা বৃহস্পতিবার দিনভর বিশ্ববিদ্যালয়ের ডা. এম আর খান মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার তাদের অনেকেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসা নেন।
অসুস্থ শিক্ষার্থীদের ধারণা, ডায়নিংয়ের ডাল থেকে এই ফুড পয়জনিং হয়েছে। কারণ বেশির ভাগ অসুস্থ ছাত্রীই আগের রাতে ডাল খেয়েছিলেন।
শিক্ষার্থীরা জানান, বুধবার রাতে দেড় শতাধিক শিক্ষার্থী হলের ডাইনিংয়ে খেতে যান। সেখান থেকে ফেরা ছাত্রীদের মধ্যে অন্তত ৭০ জন বৃহস্পতিবার ভোর থেকে অসুস্থ হতে শুরু করেন। তাদের বমি, পাতলা পায়খানা, পেটব্যথাসহ ফুড পয়জনিংজনিত নানা শারীরিক জটিলতা দেখা দেয়।
এদিন সকাল ৯টার দিকে ডা. এম আর খান মেডিকেল সেন্টার খুললে একের পর এক ছাত্রী এসে সেবা নিতে থাকেন। দুপুরের দিকে অসুস্থ ছাত্রীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা দিতে হিমশিম খান মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসক ও সহকারীরা।
যবিপ্রবির ড. এম আর খান মেডিকেল সেন্টারের চিকিৎসক তারিক হাসান বলেন, ‘আমরা প্রায় অর্ধশত শিক্ষার্থী পেয়েছি, যাদের অসুস্থতার লক্ষণ প্রায় একই রকম। এরা বুধবার রাতে হলের ডাইনিংয়ে ভাত, মাংস, ভর্তা এবং ডাল খেয়েছিলেন। পয়জনিংটি সম্ভবত সেখান থেকে ছড়িয়েছে। সবাই পেটে ব্যথা, বমি ও লুজ মোশনে আক্রান্ত।’
তিনি আরও বলেন, ডায়রিয়াজনিত কারণে অনেকের শরীরে ফ্লুইডের ঘাটতি দেখা যাচ্ছে। যে কারণে তারা দ্রুত দুর্বল হয়ে পড়েছে। তাদের স্বল্প পরিসরে ও স্বল্প উপাদানের মাধ্যমে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন।
বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. মোছা. আফরোজা খাতুন বলেন, ‘ছাত্রীদের অসুস্থতার বিষয়ে জানতে পেরে সহকারী হল প্রভোস্টকে পাঠানো হয়। তাদের সর্বোচ্চ সেবা দিতে চেষ্টা করছি।’
এদিকে, অসুস্থ ছাত্রীদের মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও আদ্-দ্বীন হাসপাতালে অন্তত ২০ জন ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে তাদের দেখতে যান যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবীর। তিনি শিক্ষার্থীদের অসুস্থতার খোঁজখবর নেন। পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেন।
যবিপ্রবির তথ্য কর্মকর্তা নাজমুল হোসাইন জানান, বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের খাবার খেয়ে ৬০-৭০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তারা যবিপ্রবির মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন। ২০ জনের মতো শিক্ষার্থী পরবর্তীতে হাসপাতালে ভর্তি হন। এদের অধিকাংশই এখন সুস্থ আছেন।
