হামের প্রাদুর্ভাব
পাহাড়ে চিকিৎসা সংকট, মেডিকেল ক্যাম্পের দাবি
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ০৩:৩৬
বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্তঘেঁষা কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আক্রান্ত অনেক শিশু হাসপাতালেই পৌঁছাতে পারছে না। ফলে ঘরেই চলছে অসুস্থ শিশুদের চিকিৎসা। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে দুর্গম পাড়াগুলোতে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা।
শুক্রবার দুপুর পর্যন্ত আলীকদম ও লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ১০ শিশুকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে কুরুকপাতা ইউনিয়ন থেকে ৩১ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
অপরিচিত পরিবেশে হাসপাতাল ত্যাগ
কুরুকপাতার দুর্গম পাহাড়ে বসবাসকারী ম্রো সম্প্রদায়ের মানুষের কাছে হাসপাতালের পরিবেশ এখনও অপরিচিত। গত বুধবার গুরুতর অসুস্থ প্রেনরাও ম্রো (৯) ও মেনপ্রে ম্রোকে (১০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু হাসপাতালের ভিড় ও অপরিচিত পরিবেশ দেখে আতঙ্কিত স্বজনরা তাদের নিয়ে ফিরে আসেন। বর্তমানে মেনপ্রেকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর স্বজন লেংরাও ম্রো বলেন, হাসপাতালের পরিবেশ আমাদের অনুকূলে না থাকায় ফিরে আসতে হয়েছে।
তিন শিশুর মৃত্যু
স্থানীয়দের দাবি, গত দুই সপ্তাহে কুরুকপাতায় হামের উপসর্গ নিয়ে অন্তত তিন শিশুর মৃত্যু হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের অনেক এলাকা কার্যত বিচ্ছিন্ন। মানুষ হাসপাতালে আসতে পারে না। কুরুকপাতা বাজার ও ধরীপাড়ায় দ্রুত মেডিকেল ক্যাম্প দরকার।
জেলা সিভিল সার্জন শাহীন হোসাইন চৌধুরী জানান, ইতোমধ্যে দুটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। শনিবার তিনি নিজে এলাকাটি পরিদর্শনে গিয়ে অস্থায়ী ক্যাম্প স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
অন্য জেলার পরিস্থিতি
সিলেটে ‘ব্ল্যাক হাম’আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা একে ‘হেমোরেজিক হাম’বা ‘ব্ল্যাক হাম’হিসেবে সন্দেহ করছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭ জন শিশু ভর্তি হয়েছে। গত এক মাসে এখানে ১৬ জন শিশু প্রাণ হারিয়েছে।
চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগে বিভ্রান্তি তৈরি হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষায় হাম ধরা পড়লেও কর্মকর্তারা ভিন্ন মৃত্যুর কারণ খুঁজছেন।
- বিষয় :
- হাম-রুবেলার টিকা
- বান্দরবান
